লালপুরে আদম আলী শিক্ষা বৃত্তির সনদ ও বৃত্তি প্রদান

এফএনএস (এ.কে. আজাদ সেন্টু; লালপুর, নাটোর) : | প্রকাশ: ৬ জুলাই, ২০২৬, ০৭:১৭ পিএম
লালপুরে আদম আলী শিক্ষা বৃত্তির সনদ ও বৃত্তি প্রদান

নাটোরের লালপুরে বীর মুক্তিযোদ্ধা আদম আলী শিক্ষা বৃত্তি-২০২৬ এর বৃত্তি, সনদপত্র ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ জুলাই ২০২৬) লালপুর পাবলিক লাইব্রেরির সেমিনার কক্ষে বীর মুক্তিযোদ্ধা আদম আলী শিক্ষা বৃত্তি কমিটির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃত্তি কমিটির সভাপতি গোলাম কিবরিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার মিলনের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাকীর্তি ফাউন্ডেশনের চেয়ারম্যান নূরীয়া পারভীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাকীর্তি ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান হাসিবুল ইসলাম, নির্বাহী পরিচালক জালাল উদ্দীন বাবু, পরিচালক (অর্থ) আমিনুল হক, শিক্ষা বৃত্তি কমিটির সহ-সভাপতি আব্দুল ওয়াদুদ, পরিচালক আরিফুর রহমান এবং শিক্ষা বৃত্তির পরীক্ষা নিয়ন্ত্রক মো. ফেরদৌস রহমান মনি। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, অভিভাবক ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে জানানো হয়, ২০২৫ সালে অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা আদম আলী শিক্ষা বৃত্তি পরীক্ষায় চতুর্থ শ্রেণির মোট ৫২৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের মধ্য থেকে মেধার ভিত্তিতে ৩০ জন শিক্ষার্থীকে বৃত্তির জন্য নির্বাচিত করা হয়। নির্বাচিত শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ, সনদপত্র ও শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ, শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং ভবিষ্যতের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের বৃত্তি কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা বীর মুক্তিযোদ্ধা আদম আলীর স্মৃতিকে ধারণ করে এই মহতী উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। উল্লেখ্য, ২০১২ সাল থেকে লালপুরে বীর মুক্তিযোদ্ধা আদম আলী শিক্ষা বৃত্তি কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হয়ে আসছে এবং প্রতিবছর মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ও বৃত্তি প্রদান করা হচ্ছে।