জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে রাজশাহীর তানোরে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, ঋণের চেক এবং গাছের চারা বিতরণ কর্মসূচির পালন করা হয়েছে। সোমবার (৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় তানোর উপজেলা প্রশাসন ও বিআরডিবি আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জেবানুর রহমানের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাঈমা খান।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- তানোর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বার্নাবাস হাসদাক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওয়াজেদ আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরী, তানোর বিএমডিএর সহকারী প্রকৌশলী নাইমুল হাসান, তানোর পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা, সহসভাপতি আবু সাঈদ বাবু, উপজেলা জামায়াতের সেক্রেটারী আক্কাছ আলী, তানোর থানা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি দলিল লেখক আরশাদ আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সমবায় সমিতির সদস্য ও গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, পল্লী উন্নয়ন কার্যক্রম গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সমবায়ের মাধ্যমে সম্মিলিত উদ্যোগ, পারস্পরিক সহযোগিতা এবং আত্মনির্ভরশীলতার চর্চা বৃদ্ধি পেলে একটি সমৃদ্ধ, টেকসই ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
সভা শেষে পল্লী উন্নয়ন সমিতির সদস্যদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। রা/অ