চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আন্ত:জেলা ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রহনপুর পৌরএলাকার নুনগোলাস্থ একটি বাসা বাড়িতে অফিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় ডাকাতি কাজে ব্যবহ্নত অস্ত্র ও নাম্বার প্লেটবিহীন পিকআপ গাড়ী জব্দ করা হয়। তারা ওই বাড়িতে আমব্যবসায়ী হিসেবে বাড়ি ভাড়া নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। গ্রেপ্তারকৃতরা হলেন, ঝিনাইদহ জেলার মহেশপুর থানার বেতবাড়িয়া গ্রামের বুলবুল হোসেনের ছেলে ইমরান হোসেন (২২), কুষ্টিয়া জেলার ভেড়ামাড়া থানার জুনিয়াদহ গ্রামের সেকেন্দার মন্ডলের ছেলে সাইফুল মন্ডল (৪০), পাবনা জেলার ঈশ্বরদী থানার মাইজদিয়া নতুনপাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে মুন্না হাসান (১৯), একই গ্রামের আব্দুর রকিবের ছেলে শান্ত (২৭), থানাপাড়া গ্রামের শওকত আলীর ছেলে আসিফ হোসেন (২১) ও বড়ইচারা গ্রামের আবু তালেবের ছেলে রতন আলী (৩৫)। তাদের গ্রেপ্তাতারের বিষয়টি গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আল নিশ্চিত করেছেন।
ওসি জানান, রোববার (৫ জুলাই) রহনপুর পৌর এলাকার নুনগোলাস্থ বাস স্ট্যান্ডের জনৈক আনিসুজ্জামান চিন্টুর বাড়ি আম ব্যবসায়ী হিসেবে তারা ঘর ভাড়া নেন। পরে সেখানে দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান করেন। এমন গোপন সংবাদ পেয়ে গোমস্তাপুর থানা ও রহনপুর তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে এসে উপস্থিত হন। তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে চেষ্টা করে। পালিয়ে যাওয়ার সময় পুলিশ স্থানীয়দের সহযোগীতায় ৬ জন ডাকাতকে গ্রেপ্তার করে। গেপ্তারকৃতরা হলেন- ইমরান হোসেন (২২), সাইফুল মণ্ডল (৪০), মুন্না হাসান (১৯), আসিফ হোসেন (২১), শান্ত (২৭) ও রতন আলী (৩৫)। এছাড়া কয়েকজন অজ্ঞাতনামা কৌশলে সেখান থেকে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে একটি করে ২৪ ইঞ্চি বোল্ট কাটার, লোহার রড, লোহার হাতুড়ি, দুফলা ধারালো অস্ত্র, দুটি হাঁসুয়া জব্দ করে। গ্রেপ্তাতের পর তাদের স্বীকারোক্তিতে ডাকাতিকাজে ব্যবহ্নত একটি নাম্বার প্লেটবিহীন পিকআপ রহনপুর রেলস্টেশন সংলগ্ন নিমতলা থেকে উদ্ধার করে জব্দ করা হয়।
ওসি নূরে আলম আরোও জানান, গ্রেপ্তার ও পলাতক আসামীরা নিজ নিজ নামে ডাকাত গ্রুপের সদস্য ও গ্রুপ প্রধানসহ তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরি, ডাকাতি, দস্যুতা ও ছিনতাইসহ অন্যান্য মামলায় রয়েছে বলে পুলিশ প্রাথমিক ভাবে জানতে পেরেছে। তারা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। এই জেলাসহ বিভিন্ন থানায় একাধিক ডাকাতির ঘটনা ঘটিয়েছে বলে তারা জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। এ ঘটনায় গোমস্তাপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে বলে তিনি জানিয়েছেন।