সায়েদাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরে নীতিগত অনুমোদন

এফএনএস প্রতিবেদক:
| আপডেট: ৮ জুলাই, ২০২৬, ০৪:১২ পিএম | প্রকাশ: ৮ জুলাই, ২০২৬, ০৪:১২ পিএম
সায়েদাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরে নীতিগত অনুমোদন
ফাইল ছবি

রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নের লক্ষ্যে সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরের প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

সংশ্লিষ্টরা মনে করছেন, কাঁচপুরে নতুন বাস টার্মিনাল চালু হলে সায়েদাবাদ এলাকায় যানবাহনের চাপ কমবে এবং রাজধানীর পূর্বাঞ্চলের ট্রাফিক ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে।

সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে আজ বুধবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, আগামী চার মাসের মধ্যে কাঁচপুরে নতুন বাস টার্মিনাল ব্যবহার উপযোগী করার নির্দেশনা রয়েছে প্রধানমন্ত্রীর। এ কারণে প্রকল্পটি রাষ্ট্রীয় জরুরি প্রয়োজন বিবেচনায় সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) বাংলাদেশ নৌবাহিনীর মাধ্যমে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চিটাগাং ড্রাই ডক লিমিটেড বাস্তবায়ন করবে।

এ লক্ষ্যে ‘কাঁচপুর বাস টার্মিনালের শেড নির্মাণ, টিকিট কাউন্টার, টয়লেট এবং অফিস কক্ষসহ আনুষঙ্গিক স্থাপনা নির্মাণ’ শীর্ষক কাজ সরাসরি ক্রয় পদ্ধতিতে বাস্তবায়নের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

জানা গেছে, সায়েদাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরের নির্দেশনার পর স্থানীয় সরকার বিভাগ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে চার মাসের মধ্যে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ এবং অন্যান্য কার্যক্রম সম্পন্ন করে টার্মিনালটি ব্যবহার উপযোগী করার নির্দেশ দেয়।

সূত্র জানায়, নির্ধারিত সময়ের মধ্যে কাঁচপুর বাস টার্মিনালের শেড নির্মাণ, টিকিট কাউন্টার, টয়লেট এবং অফিস কক্ষসহ আনুষঙ্গিক স্থাপনা নির্মাণ শীর্ষক কাজটি শেষ করতে রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) বাংলাদেশ নৌবাহিনীর মাধ্যমে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চিটাগাং ড্রাই ডক লিমিটেডকে বাস্তবায়নের জন্য নীতিগত অনুমোদন দেওয়া হয়।

প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৬ কোটি ৮৮ লাখ ২ হাজার ৫৩২ টাকা। প্যাকেজের আওতায় প্রায় ৪ হাজার ১২ বর্গমিটার প্ল্যাটর্ফম ঢালাই ও টাইলস বসানো, ১৫ হাজার ৫৭৩ কেজি প্রোফাইল শিট দিয়ে শেড নির্মাণ, ১২০টি টিকিট কাউন্টার, ৩২টি টয়লেট, অফিস কক্ষ, পার্টিশন এবং অন্যান্য প্রয়োজনীয় আনুষঙ্গিক স্থাপনা নির্মাণ করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে