মিরওয়ারিশপুরে সড়কে জলাবদ্ধতা, দুর্ভোগে হাজারো মানুষ

এফএনএস (নাসির উদ্দিন মিরাজ; বেগমগঞ্জ, নোয়াখালী) :
| আপডেট: ৯ জুলাই, ২০২৬, ১১:২৩ এএম | প্রকাশ: ৯ জুলাই, ২০২৬, ১১:২৩ এএম
মিরওয়ারিশপুরে সড়কে জলাবদ্ধতা, দুর্ভোগে হাজারো মানুষ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের মজুমদার হাট থেকে ইউনিয়ন পরিষদ সড়কে দীর্ঘদিন ধরে পানি জমে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে গুরুত্বপূর্ণ এ সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রতিদিন এলাকাবাসী, ব্যবসায়ী, পথচারী ও শিক্ষার্থীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।

স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই সড়কের বিভিন্ন স্থানে পানি জমে থাকে। পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী হচ্ছে। ফলে যানবাহন চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি বাজারের ব্যবসা-বাণিজ্যও ক্ষতিগ্রস্ত হচ্ছে। সড়কের পাশেই অবস্থিত মিরকাশেম বহুমুখী উচ্চ বিদ্যালয় ও মিরওয়ারিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এছাড়াও রয়েছে একাধিক প্রাইভেট শিক্ষাপ্রতিষ্ঠান ও মাদ্রাসা। প্রতিদিন হাজার-হাজার শিক্ষার্থী কাদা ও নোংরা পানির মধ্য দিয়ে বিদ্যালয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছে। এতে অভিভাবক ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে।

মীরকাশেম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর আহমেদ জানান, ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই পানির নিচে তলিয়ে যায় সড়কটি এতে করে চরম ভোগান্তিতে পড়তে হয় এলাকাবাসী শিক্ষার্থী ও ব্যবসায়ীদের। ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন জানান, স্কুল কমিটি ও স্থানীয়দের দাবির প্রেক্ষিতে, বর্তমান মিরওয়ারিশপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজ আহমেদ সহ আমরা উপজেলা প্রশাসনের কাছে জানালে নির্বাহী অফিসার মোঃ কায়েসুর রহমান সড়কের  জলাবদ্ধতা দেখে তা নিরসনে সড়কের পাশে ড্রেন নির্মাণের উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, পরিকল্পনা অনুযায়ী ড্রেন নির্মাণের কাজ বাস্তবায়িত হলে দীর্ঘদিনের এ জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান হবে বলে আশা করা হচ্ছে। এলাকাবাসী দ্রুত ড্রেন নির্মাণকাজ শুরু করার জন্য   সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। তাদের মতে, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা বাস্তবায়ন হলে বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে।

আপনার জেলার সংবাদ পড়তে