দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নের চক মোহাম্মাদালীপুর গ্রামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দেবহাটা থানায় ইউডি মামলা হয়েছে। মামলা নং-১৪, তারিখ: ১২-০৭-২৬।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার ১২ জুলাই রাতের কোনো এক সময় ওই নারী নিজ বাড়ির একটি কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মারা যান। খবর পেয়ে দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিমসহ থানা পুলিশ রোববার সকাল ৯ টার দিকে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর আগে তাঁর স্বামী মরহুম জাহিদ আলম হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এরপর সংসারের দায়িত্ব পালনের জন্য তিনি বিদেশে যান। সম্প্রতি দেশে ফিরে আসেন। তবে কী কারণে এই মর্মান্তিক মৃত্যু হয়েছে বা তিনি আত্মহত্যা করেছেন সে বিষয়ে পরিবারের সদস্যরা নিশ্চিতভাবে কোনো কারণ জানাতে পারেননি।
এ বিষয়ে দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলীম জানান, এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা মর্গে প্রেরন করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে ওসি জানান। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।