প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সংহতি রেখে দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙিনায় পাঁচটি করে গাছের চারা রোপণের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ফলজ, বনজ ও ঔষধি, এই তিন শ্রেণির সমন্বয়ে নির্ধারিত সময়ে এ কর্মসূচি বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।
সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সেকশন ২ থেকে জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। নির্দেশনায় স্বাক্ষর করেছেন সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. সাজ্জাদ হোসেন। এতে বলা হয়েছে, বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ, চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ বিতরণ অনুষ্ঠানের পাশাপাশি প্রধানমন্ত্রী বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। সেই কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশের অংশ হিসেবেই দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একই দিনে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করতে হবে।
নির্দেশনা অনুযায়ী, প্রতিটি বিদ্যালয়ে ফলজ, বনজ ও ঔষধি গাছের সমন্বয়ে মোট পাঁচটি চারা রোপণ করা হবে। এ কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিভাগীয় উপপরিচালকদের নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বিষয়টিকে অত্যন্ত জরুরি হিসেবে উল্লেখ করেছে। একই সঙ্গে নির্দেশনার অনুলিপি অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালকের ব্যক্তিগত সহকারীসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এ উদ্যোগের মূল লক্ষ্য বিদ্যালয় প্রাঙ্গণে সবুজায়ন বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা গড়ে তোলা। তাদের মতে, বিদ্যালয়ভিত্তিক এ ধরনের কর্মসূচি শিশুদের পরিবেশবান্ধব মানসিকতা বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে আরও সম্পৃক্ত করবে।