শিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম, সামনে মেয়র নির্বাচনের প্রস্তুতি?

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১৩ জুলাই, ২০২৬, ০৪:৪৭ পিএম
শিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম, সামনে মেয়র নির্বাচনের প্রস্তুতি?

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক সাদিক কায়েম সংগঠনের দায়িত্ব ছেড়েছেন। ছাত্রশিবিরের পক্ষ থেকে বিষয়টিকে সাংগঠনিক প্রক্রিয়ার অংশ হিসেবে উল্লেখ করা হলেও, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতে ইসলামীর সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে তার নাম ঘোষণার পর এ সিদ্ধান্ত রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে।

সোমবার (১৩ জুলাই) ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ সিবগা জানান, সাদিক কায়েমের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে সংগঠন থেকে ছুটি দেওয়া হয়েছে। তিনি বলেন, “সাদিক কায়েমের আবেদনে সংগঠন থেকে তাঁকে ছুটি দেওয়া হয়েছে। বিষয়টি তিনি আনুষ্ঠানিকভাবে জানাবেন।”

অন্যদিকে ছাত্রশিবিরের কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক মু'তাসিম বিল্লাহ শাহেদী জানান, এটি সংগঠনের নিয়মিত সাংগঠনিক প্রক্রিয়ার অংশ। তার ভাষায়, “ছাত্রত্ব ও সাংগঠনিক দায়িত্ব শেষ করে প্রতি ছয় মাস পরপর দায়িত্বশীলদের বিদায় দেওয়া হয়।” তিনি জানান, সর্বশেষ ষাণ্মাসিক পুনর্গঠনের অংশ হিসেবে সাদিক কায়েমসহ আরও কয়েকজন কেন্দ্রীয় দায়িত্বশীলকে বিদায় দেওয়া হয়েছে।

পরে নিজের ফেসবুক পোস্টে সাদিক কায়েম লেখেন, “বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, আমার আবেগ আর ভালোবাসার প্রিয় সংগঠন। দেখতে দেখতে দীর্ঘ এক সোনালী অধ্যায়ের সমাপ্তি ঘটলো। সংগঠনের স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবে ইসলামী ছাত্রশিবির থেকে আজ আমার আনুষ্ঠানিক ছুটি হয়েছে।”

এর আগে রাজধানীর একটি সম্মেলনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতে ইসলামীর সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে সাদিক কায়েমের নাম প্রকাশ্যে ঘোষণা করা হয়। এরপর ছাত্রশিবির জানিয়ে দেয়, সংগঠনের দায়িত্বে থাকা অবস্থায় কোনো রাজনৈতিক দলের প্রার্থী হওয়ার সুযোগ নেই। তবে সংগঠন থেকে দায়িত্ব ছাড়ার পর নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে সাংগঠনিক কোনো বাধা থাকে না।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি হিসেবে আলোচনায় আসেন সাদিক কায়েম। পরে তিনি কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক এবং সর্বশেষ আন্তর্জাতিকবিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন। ২০২৫ সালের ডাকসু নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী হিসেবে ভিপি নির্বাচিত হন।

জামায়াতের বিভিন্ন সূত্রের দাবি, জুলাই গণঅভ্যুত্থানের ছাত্রনেতা হিসেবে পরিচিতি এবং তরুণ নেতৃত্বের কারণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে সাদিক কায়েমকে এগিয়ে রাখতে চায় দলটি। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না থাকার সিদ্ধান্তের পর সম্ভাব্য প্রার্থীদের নিয়ে রাজনৈতিক দলগুলোর প্রস্তুতির মধ্যেই তার সাংগঠনিক দায়িত্ব ছাড়ার বিষয়টি তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আপনার জেলার সংবাদ পড়তে