মূল্য সাড়ে ৩ কোটি টাকা

দুবাই ফেরত যাত্রীর শরীরে লুকানো ২.১৬ কেজি স্বর্ণ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
| আপডেট: ১৩ জুলাই, ২০২৬, ০৪:৩১ পিএম | প্রকাশ: ১৩ জুলাই, ২০২৬, ০৪:৩১ পিএম
দুবাই ফেরত যাত্রীর শরীরে লুকানো ২.১৬ কেজি স্বর্ণ উদ্ধার
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে প্রায় ২ দশমিক ১৬ কেজি স্বর্ণ উদ্ধার করেছে গোয়েন্দা সংস্থার সদস্যরা। বিশেষ কৌশলে শরীরে লুকিয়ে আনা এ স্বর্ণের বাজারমূল্য প্রায় ৩ কোটি ৫৬ লাখ টাকা। এ ঘটনায় যাত্রীকে আটক করে কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) সকালে ফ্লাইদুবাইয়ের এফজেড ৪৬৩ ফ্লাইটে চট্টগ্রামে পৌঁছান মোহাম্মদ শহীদুল আলম চৌধুরী। তিনি চট্টগ্রামের মিরসরাই উপজেলার বাসিন্দা। গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস হলের গ্রিন চ্যানেল অতিক্রমের সময় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এবং প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সদস্যরা তাকে তল্লাশি করেন।

তল্লাশির একপর্যায়ে তার পায়জামার বেল্টের অংশ এবং অন্তর্বাসের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা স্বর্ণালঙ্কার ও গলিত স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের মোট ওজন ২ দশমিক ১৬ কেজি। এর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি ৫৬ লাখ টাকা।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, “উদ্ধার করা স্বর্ণের চালান বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। স্বর্ণ পরিবহনের সঙ্গে জড়িত যাত্রীর বিরুদ্ধে মামলা করার প্রক্রিয়া চলমান রয়েছে।”

তিনি আরও বলেন, “বৈদেশিক মুদ্রা পাচার ও স্বর্ণ চোরাচালান প্রতিরোধে বিমানবন্দরের গোয়েন্দা সংস্থা, কাস্টমস ইন্টেলিজেন্স, বিমানবন্দর কাস্টমস এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমন্বিতভাবে সর্বোচ্চ নজরদারি অব্যাহত রেখেছে।”

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, স্বর্ণ চোরাচালান রোধে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। একই সঙ্গে এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে