বরিশালে ছয় দফা দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১৪ জুলাই, ২০২৬, ০৬:০১ পিএম
বরিশালে ছয় দফা দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা গ্রহণ এবং শিক্ষার্থীদের নিয়ে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ছয়দফা দাবিতে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন বিভিন্ন কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে তারা সড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সড়কের উভয়পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে প্রায় দেড় ঘণ্টা ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ ছিলো। এ সময় তারা বিভিন্ন শ্লোগান দিয়ে দ্রুত ছয় দফা দাবি বাস্তবায়নের আহবান করেন।

আন্দোলনরত অমৃত লাল কলেজের শিক্ষার্থী মোহাম্মদ আতিক বলেন, বর্তমান পরিস্থিতিতে পরীক্ষা গ্রহণ তাদের জন্য ঝুঁকিপূর্ণ। শিক্ষার্থীদের উদ্বেগকে গুরুত্ব না দিয়ে দায়িত্বশীল ব্যক্তিদের কিছু বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করেছে। তাই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

আলেকান্দা কলেজের শিক্ষার্থী এহসানুল ইসলাম নাবিদ ও তৌফিকুল হক তামিম বলেন, অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হলেও একটি বোর্ডে পরীক্ষা স্থগিত করা হলেও অন্য বোর্ডগুলোতে তা করা হয়নি, যা বৈষম্যমূলক। যেকারণে তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং বর্তমান পরীক্ষা পদ্ধতির সংস্কারের দাবি জানান।

খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পরে প্রশাসনের প্রতিনিধিদের সঙ্গে শিক্ষার্থীদের আলোচনা শেষে দুপুর দুইটার দিকে বিক্ষোভ কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করার পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।

উল্লেখ্য, দুর্যোগপূর্ণ আবহাওয়া ও পরীক্ষা-সংক্রান্ত বিভিন্ন দাবিতে সারাদেশের মতো বরিশালেও এইচএসসি পরীক্ষার্থীরা আন্দোলন কর্মসূচি পালন করেন।

আপনার জেলার সংবাদ পড়তে