মঙ্গলবার (১৪ জুলাই) দিনাজপুরের খানসামা উপজেলায় রোপা আমন চাষ সম্প্রসারণের লক্ষ্যে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে কৃষকদের মাঝে বিভিন্ন জাতের রোপা আমনের চারা, গোবর সার ও বাঁশের খুঁটি বিতরণ করা হয়েছে।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার, জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক ও ভাবকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আলম তুহিন। সাবেক উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাইয়েদ আহমেদ সেলিম বুলবুল, সাবেক জেলা পরিষদ সদস্য উপজেলা বিএনপির অন্যতম নেতা সরিফুল ইসলাম প্রধান,এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ কর্মসূচির আওতায় মোট ১,৫৮০টি বিভিন্ন জাতের রোপা আমনের চারা, গোবর সার ও বাঁশের খুঁটি বিতরণ করা হয়। প্রতিটি উপকারভোগী কৃষককে ৫টি করে রোপা আমনের চারা, ২৫ কেজি গোবর সার এবং ৫টি বাঁশের খুঁটি প্রদান করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইয়াসমিন আক্তার বলেন, কৃষি বিভাগের এ ধরনের প্রণোদনা কর্মসূচি খানসামার কৃষকদের উন্নত জাতের রোপা আমন চাষে উৎসাহিত করবে এবং উৎপাদন বৃদ্ধি করে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে।