দিনাজপুরের চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে ২ মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়েছে।
গত ১৩ জুলাই সোমবার বিকাল ৪টার দিকে চিরিরবন্দর উপজেলার পুনট্টি ইউনিয়নের আমতলী বাজারে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় সেলুন দোকানের ভিতরে টাপেন্ডাডল ট্যাবলেট সেবনের সময় দিনাজপুরের কোতয়ালী থানার মুরাদপুর গ্রামের মোঃ মজিবর রহমানের ছেলে মোঃ আলমগীর হোসেন (৩২) ও শালকী গ্রামের মোঃ হাসান (২৩) কে হাতেনাতে আটক করে পুলিশ।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেহা তুজ জোহরা ঘটনাস্থলেই ধৃতদেরকে ৩ মাসের করে বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা করে অর্থদন্ড প্রদান করেন।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদুন-নবী জানান, মাদক নির্মূলে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।