গণতন্ত্র, অধিকার, ন্যায়বিচার ও সমতা প্রতিষ্ঠার দাবিতে বরিশালের বাবুগঞ্জ উপজেলায় ‘জুলাই জাগরণ ও পদযাত্রা’ কর্মসূচির আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী ১৭ জুলাই (শুক্রবার) বিকেল পাঁচটায় অনুষ্ঠিতব্য এ কর্মসূচিতে দলের কেন্দ্রীয় নেতারা অংশগ্রহণ করবেন। ইতোমধ্যে কর্মসূচিকে ঘিরে উপজেলা জুড়ে দলটির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি ও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
দলীয় সূত্রে জানা গেছে, বাবুগঞ্জ কলেজ মোড় সংলগ্ন মডেল স্কুলের সামনে থেকে পদযাত্রা শুরু হবে। পরে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একটি গণসমাবেশ অনুষ্ঠিত হবে। কর্মসূচিতে কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণের আশা করছেন দলটি। এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, গণতন্ত্র, মানুষের অধিকার, ন্যায়বিচার, সমতা ও সুশাসন প্রতিষ্ঠার দাবিকে সামনে রেখেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। একইসাথে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয়তা এবং জনগণের বিভিন্ন প্রত্যাশার বিষয়গুলো সমাবেশে তুলে ধরা হবে।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এছাড়াও উপস্থিত থাকবেন এনসিপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহিন, বরিশাল জেলা শাখা ও বাবুগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দরা।
এনসিপির বাবুগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব গোলাম কিবরিয়া সৌরভ বলেন, “গণতন্ত্র, মানুষের মৌলিক অধিকার, ন্যায়বিচার ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। বাবুগঞ্জ উপজেলার সর্বস্তরের মানুষকে স্বতঃস্ফূর্তভাবে এতে অংশগ্রহণ করার জন্য আহবান জানানো হয়েছে। তিনি আরও বলেন, “গণতান্ত্রিক মূল্যবোধ ও জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রত্যাশায় সচেতন নাগরিকদের অংশগ্রহণে একটি শান্তিপূর্ণ গণসমাবেশ ও পদযাত্রা অনুষ্ঠিত হবে। কর্মসূচি সফল করতে উপজেলাজুড়ে প্রস্তুতি নেওয়া হয়েছে এবং নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।”
দলীয় নেতারা জানান, ‘ইনকিলাব জিন্দাবাদ’ শ্লোগানকে সামনে রেখে আয়োজিত ‘জুলাই জাগরণ ও পদযাত্রা’য় বিপুলসংখ্যক নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের অংশগ্রহণ ঘটবে বলে তারা আশা করছেন। তাদের মতে, এই কর্মসূচির মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, ন্যায়বিচার, সমতা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিগুলো আরও জোরালোভাবে তুলে ধরা হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বরিশালে এনসিপির এ কর্মসূচি দলটির সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির অংশ হিসেবে গুরুত্বপূর্ণ। কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতি স্থানীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলেও ধারণা করা হচ্ছে।