পোরশায় নিষেধাজ্ঞার অমান্য করে বাজারে বিক্রি হচ্ছে ছোট মাছ

এফএনএস (এম. রইচ উদ্দিন; পোরশা, নওগাঁ) : | প্রকাশ: ১৫ জুলাই, ২০২৬, ০১:১১ পিএম
পোরশায় নিষেধাজ্ঞার অমান্য করে বাজারে বিক্রি হচ্ছে ছোট মাছ

নওগাঁর পোরশা উপজেলার সীমান্ত দিয়ে বয়ে যাওয়া পুনর্ভবা নদীতে অবৈধ জাল দিয়ে ছোট মাছ ধরা থামছেইনা। এক শ্রেণীর অসাধু মাছ ব্যবসায়ীরা প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে প্রতিদিন সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বোয়াল মাছের বাচ্চা সহ বিভিন্ন প্রকার ছোট মাছ শিকার করে স্থানীয় বাজারে বিক্রি করছেন। আর এসব ছোট মাছ বিক্রি হচ্ছে প্রকাশ্য বাজারে। মৎস কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা সময় সময় ব্যবস্থা গ্রহণ করলেও এর প্রতিফলন নেই বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানাগেছে, সরকারিভাবে মৎস্য সম্পদ রক্ষায় কারেন্ট জাল, রিং জাল, চায়না দুয়ারী জাল সহ বিভিন্ন অবৈধ জালের ব্যবহার নিষিদ্ধ করা হলেও পুনর্ভবা নদীতে কিছু অসাধু চক্র নিয়মিত এসব জাল ব্যবহার করে ছোট মাছ ধরছে। বিশেষ করে বর্ষা মৌসুমে নদী থেকে বোয়াল মাছের বাচ্চাসহ বিভিন্ন প্রজাতির ছোট মাছ অবাধে নিধন করা হচ্ছে। প্রতিদিন এসব পোনা মাছ উপজেলার বিভিন্ন বাজারে চড়া দামে বিক্রি করা হচ্ছে। এতে স্থানীয় সাধারন মানুষ ক্ষোভ প্রকাশ করে বলেন, উপজেলা মৎস্য বিভাগ থেকে মাঝে মাঝে পুনর্ভবা নদীতে অভিযান চালিয়ে জাল জব্দ করা হয়। কিন্তু কর্মকর্তারা চলে যাওয়ার পরে আবারও অসাধু জেলেরা সক্রিয় হয়ে ওঠেন। তবে প্রতিনিয়ত বোয়াল মাছের বাচ্চা সহ বিভিন্ন ধরনের ছোট মাছ এভাবে অব্যাহতভাবে নিধন হতে থাকলে ভবিষ্যতে পুনর্ভবা নদী বোয়াল মাছ সহ অন্যান্য মাছ শূন্য হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এ বিষয়ে অতিরিক্ত দায়িত্বে থাকা উপজেলা মৎস্য কর্মকর্তা শামীম রেজার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, পুনর্ভবা নদীতে মৎস্য সম্পদ রক্ষায় আমাদের অভিযান নিয়মিত চলছে। ইতিপূর্বেও অনেক অবৈধ জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। অসাধু ব্যবসায়ীদের এই তৎপরতা বন্ধে আমাদের নজরদারি আরও জোরদার করা হবে। তিনি আরো বলেন, খুব দ্রুতই বিভিন্ন বাজারে ও নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে