মাদকের কড়ালগ্রাসের হাত থেকে যুবসমাজকে রক্ষা করতে গাজীপুরের কাপাসিয়ার কড়িহাতা ইউনিয়নের আনজাব পেওরাইট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল শুক্রবার বিকেলে এক আলোচনা সভা করেছেন স্থানীয় জনসাধারণ। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে স্থানীয় সর্বস্তরের সচেতন নাগরিক সমাজ এই আলোচনা সভার আয়োজন করেন।
কড়িহাতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো.সাইফুল ইসলাম মোল্লার সভাপতিত্বে ও আনজাব পেওরাইট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ খলিলুর রহমান ফকিরের সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য দেন উত্তরখামের ঈদগাঁ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল ইসলাম মোল্লা মতিন, সাবেক শিক্ষক মোঃ সফিকুল ইসলাম মজনু,কড়িহাতা ইউপি সদস্য স্বদেশ দাস, ত্রিমোহনী বাজার ব্যবসায়ী সমিতির সদস্য সচিব সাইফুল ইসলাম ফকির, রাউতকোনা কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মো.হারুনুর রশিদ মোল্লা,মো. আব্দুল্লাহ আল মামুন, মো. বাচ্চু মিয়া প্রমুখ।
সভাপতির বক্তব্যে সাইফুল ইসলাম মোল্লা বলেন, বর্তমানে কাপাসিয়ার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মাদকের সমস্যা। এ সমস্যার কবল থেকে মুক্তি পাওয়াটা বর্তমানে অত্যন্ত জটিল ও কঠিন হয়ে পড়েছে। কারণ প্রতিটি পাড়া মহল্লায় দুই চারজন মাদকসেবী অথবা মাদক বিক্রেতা রয়েছে। অনেক পরিবার এখন মাদক কারবারে জড়িয়ে পড়েছে। আর এই মাদকাসক্তরা এখন চুরি ছিনতাইসহ নানা অপরাধে জড়িয়ে পড়েছে। আবার অনেক পরিবারের অভিভাবকরা তাদের মাদকাসক্ত সন্তানকে নিয়ন্ত্রণ করতে পারছেন না। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ এখন সবচেয়ে জরুরি বিষয় হয়ে পড়েছে। একা একা তাদের বিপক্ষে অবস্থান না নিয়ে সবাই সাহসী ও প্রতিবাদী হতে হবে। আর অনেক ক্ষেত্রে রাজনৈতিক ছত্রছায়ায় মাদকাসক্তরা থাকে বলে সম্মিলিত প্রতিরোধ এখন সময়ের দাবি। পুলিশ প্রশাসনের সহায়তা নিয়ে মাদকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করার প্রতিজ্ঞা ব্যক্ত করেন তিনি ।
আলোচনা সভা শেষে স্থানীয়ভাবে আনজাব গ্রামে মাদক প্রতিরোধের জন্য একটি কমিটি গঠন করা হয়। এই কমিটির সদস্যগণ স্থানীয় মাদকস্পট, মাদকসেবী ও কারবারিদের চিহ্নিত করে তাদের অভিভাবকদের সাথে কথা বলে প্রাথমিকভাবে সতর্ক করা হবে এবং মাইকিং করে সবাইকে সচেতন করা হবে। পরবর্তী সময়ে সবাই ঐক্যবদ্ধভাবে তাদের ধরে আইনের হাতে সোপর্দ করার সিদ্ধান্ত নেওয়া হয়।