বগুড়ার শেরপুরে বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন, যৌতুক, মাদক এবং মানব পাচার প্রতিরোধে এক বিশেষ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৯ জুলাই (রবিবার) সকাল ১১টায় শেরপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এই সভাটি অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা সমাজ থেকে বাল্যবিবাহ, যৌতুক এবং মাদকের মতো সামাজিক ব্যাধিগুলো দূরীকরণের ওপর বিশেষ জোর দেন। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে আইনি ব্যবস্থার পাশাপাশি সামাজিক সচেতনতা ও পারিবারিক মূল্যবোধ বৃদ্ধির আহ্বান জানানো হয়। এছাড়া, তরুণ প্রজন্মকে মাদকের কুফল থেকে দূরে রাখতে এবং মানব পাচার রোধে সবাইকে একযোগে কাজ করার তাগিদ দেওয়া হয়। "একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে নারী-শিশুর নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদক-যৌতুকের মতো ব্যাধি রুখে দেওয়া আমাদের সবার নৈতিক দায়িত্ব।" উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুজ্জামান হিমুর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন শেরপুর পৌরসভার সাবেক মেয়র জানে আলম খোকা, পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, শেরপুর থানার পুলিশ পরিদর্শক তদন্ত জয়নুল আবেদীন, মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, শেরপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক আবু সাঈদ, উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুদৌলা মামুন সাবেক কাউন্সিলর শাহবুল করিম প্রমুখ।