পাবনার আটঘরিয়ায় জাগরণী চক্র ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক মরহুম আজাদুল কবির আরজুর স্মরণে বিনা মূল্যে চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় পাঁচশতাধীক নারী-পুরুষ চক্ষু পরীক্ষা ও চিকিৎসাসেবা প্রদান করা হয়।
বৃহস্পতিবার (২৩ জুলাই) আটঘরিয়া উপজেলা অডিটোরিয়ামে জাগরণী চক্র ফাউন্ডেশন, পাবনা জোন (রাজশাহী অঞ্চল) এ কর্মসূচির আয়োজন করে। এতে আর্থিক সহযোগিতা দেয় অরবিস ইন্টারন্যাশনাল এবং কারিগরি সহযোগিতা করে অধ্যাপক এম. এ. মতিন মেমোরিয়াল বিএনএসবি বেজ চক্ষু হাসপাতাল, সিরাজগঞ্জ। ক্যাম্পে অংশ নেওয়া রোগীদের চক্ষু পরীক্ষা, ছানি রোগ শনাক্তকরণ, ছানি অস্ত্রোপচারের জন্য রোগী নির্বাচন, লেন্স স্থাপনের ব্যবস্থা, চশমার পাওয়ার নির্ণয়, চিকিৎসা-পরামর্শ এবং প্রয়োজনীয় ক্ষেত্রে অন্যান্য চক্ষু রোগের জন্য রেফার করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিদুল ইসলাম, জাগরণী চক্র ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার কামরুল ইসলাম, নির্বাহী পরিচালক মেরিনা আক্তার এবং পরিচালক আজিজুল হক।
এ ছাড়া উপস্থিত ছিলেন রাজশাহী অঞ্চলের উপপরিচালক সৈয়দ গোলাম আরেফিন, পাবনা জোনের জোনাল ম্যানেজার মো. মাহাবুদুল হক, সাঁথিয়া এরিয়া ম্যানেজার মো. নাহিদ রেজা, ভাঙ্গুড়া এরিয়া ম্যানেজার মো. জালাল উদ্দিন, ঈশ্বরদী এরিয়া ম্যানেজার সুশীল কুমার ঘোষ, পাবনা এরিয়া ম্যানেজার মো. আক্তারুজ্জামান, খিদিরপুর শাখার ম্যানেজার মজনুর রহমান, দেবোত্তর শাখার ম্যানেজার আতিকুর রহমান, আটঘরিয়া প্রেস ক্লাবের সহসভাপতি নুরুল ইসলাম খান এবং জাগরণী চক্র ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা। আয়োজকেরা জানান, সুবিধাবঞ্চিত মানুষের কাছে চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দিতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।