পাবনার চাটমোহরে ককটেল বিস্ফোরণ,সরকারবিরোধী শ্লোগান দেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৩১ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে থানায় মামলা হয়েছে। পুলিশ এ ঘটনায় ১ জনকে গ্রেফতার করেছে। গত বুধবার (২২ জুলাই) উপজেলার মূলগ্রাম ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক,পূর্বটিয়ারতলা গ্রামের বাসিন্দা মো. মজর আলী চাটমোহর থানায় মামলাটি দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়,গত মঙ্গলবার (২১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে মূলগ্রাম ইউনিয়নের কায়েমখোলা মোড়ে আতার আলীর চায়ের দোকানে বসে ছিলেন মজর আলী। এ সময় মোটরসাইকেল ও মাইক্রোবাসে একদল ব্যক্তি সেখানে এসে ‘জয় বাংলা’সহ সরকারবিরোধী বিভিন্ন শ্লোগান দেন। এজাহারে আরও বলা হয়,বাদী ও তার সঙ্গে থাকা ব্যক্তিরা অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা করলে তাদের লক্ষ্য করে পরপর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এতে তারা প্রাণনাশের আশঙ্কায় পড়েন এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা মোটরসাইকেল ও মাইক্রোবাসে করে ঘটনাস্থল ত্যাগ করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ককটেলের বিস্ফোরিত অংশ,৮ থেকে ১০ কেজি ইটের খোয়া এবং ১০ থেকে ১২টি বাঁশের লাঠি জব্দ করে।
মামলায় উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক বেজপাড়া গ্রামের হেলাল উদ্দিন,হরিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ মকবুল হোসেন,মূলগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেউতিগাছা গ্রামের সাহেব আলী মাস্টার,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক জগতলা গ্রামের শরিফুল্লাহ সাচ্চু,পৌর সদরের নারিকেলপাড়া মহল্লার ওয়াহেদুল ইসলাম বকুলসহ ৩১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। পুলিশ মামলার এজাহারভুক্ত আসামি মুলগ্রাম ইউনিয়নের বালুদিয়ার গ্রামের মৃত আব্দুলের ছেলে আবুল হোসেন আবু (৪২) কে গ্রেফতার করেছে। মামলার প্রধান আসামি মোঃ হেলাল উদ্দিন বলেন,ইতোপূর্বে একটি মামলায় জেল খাটার পর জামিনে আছি। আরেকটি মামলা সাজানো হলো। কারণ এমন কোন ঘটনাই চাটমোহরে ঘটেনি। তাছাড়া মামলার বাদির বাড়ি ঘটনাস্থল থেকে অন্ততঃ ৫/৬ কিলোমিটার দূরে। রাত সাড়ে ১১টায় নির্জন এলাকায় সে কেন গিয়েছিলেন। মামলাটি সম্পূর্ণ মিথ্যে বলে দাবি করেন ছাত্রলীগের সাবেক এই সভাপতি। চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।