বাগেরহাটের মোল্লাহাট উপজেলার মাদরাসা দারুল হাদিস সালাফিয়্যাহে প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে বার্ষিক ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই) সকাল ৯টায় মাদরাসা মসজিদ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগে অনুষ্ঠিত ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, মাদরাসার সাবেক মোহতামিম শাইখ ইদ্রিস আলী। প্রধান অতিথি ছিলেন মাদরাসার সভাপতি আনিছুর রহমান মোল্লা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাক্তন ছাত্র পরিষদের সহ-সভাপতি ও মাদরাসার সাবেক মোহতামিম শাইখ তামিমুল ইসলাম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দাঈ, রেডিও কুরআন ইসলামিক সেন্টার ইমাম সৌদি আরব ও আবুধাবির প্রতিনিধি শাইখ ইকবাল হোসাইন মাদানী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কুরআন-সুন্নাহভিত্তিক শিক্ষা ও ইসলামী সংস্কৃতির বিকাশে এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা ভবিষ্যতেও এ ধরনের আয়োজন ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন ছাত্র পরিষদের সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।