ব্যাংক লিটারেসি ও ব্যবসায় এআই ব্যবহারে প্রশিক্ষণের সমাপনী

এফএনএস (টাঙ্গাইল) : | প্রকাশ: ২৬ জুলাই, ২০২৬, ১১:৩৫ এএম
ব্যাংক লিটারেসি ও ব্যবসায় এআই ব্যবহারে প্রশিক্ষণের সমাপনী

নারী উদ্যোক্তাদের ব্যাংকিং জ্ঞান বৃদ্ধি এবং ব্যবসায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে টাঙ্গাইলে আয়োজিত দুই দিনব্যাপী ‘ব্যাংক লিটারেসি ও ব্যবসায় এআই ব্যবহারের উপর প্রশিক্ষণ ও পণ্য প্রদর্শনী’ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২২ ও ২৩ জুলাই অনুষ্ঠিত এ কর্মসূচির আয়োজন করে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস)। কর্মসূচিতে পৃষ্ঠপোষকতা করে ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল উইমেন ব্যাংকিং)।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া। তিনি বলেন, প্রযুক্তিনির্ভর বর্তমান বিশ্বে নারী উদ্যোক্তাদের ব্যাংকিং জ্ঞান ও এআই ব্যবহারে দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রশিক্ষণ উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণ, আর্থিক অন্তর্ভুক্তি এবং ডিজিটাল সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি, টাঙ্গাইল শাখার সেক্রেটারি খাইরুননেসা সেতু। সভাপতিত্ব করেন সংগঠনের টাঙ্গাইল শাখার সভাপতি উর্মি আক্তার পরি।

দুই দিনের প্রশিক্ষণে অংশগ্রহণকারী নারী উদ্যোক্তাদের ব্যাংকিং সেবা, আর্থিক ব্যবস্থাপনা, ডিজিটাল লেনদেন, ব্যবসায় এআই-এর ব্যবহার, অনলাইন বিপণন এবং আধুনিক ব্যবসা পরিচালনার বিভিন্ন কৌশল সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয়। পাশাপাশি উদ্যোক্তাদের উৎপাদিত বিভিন্ন পণ্যের প্রদর্শনীরও আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক শামসুন্নাহার সালমা, কোষাধ্যক্ষ মাজেদা আক্তার, প্রচার সম্পাদক সুপ্রিয়া দাস, ইস্টার্ন ব্যাংকের প্রতিনিধি জুবায়েরসহ তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির টাঙ্গাইল শাখার সদস্যবৃন্দ এবং জেলার বিভিন্ন নারী উদ্যোক্তা। আয়োজকরা জানান, নারী উদ্যোক্তাদের আর্থিক সচেতনতা বৃদ্ধি, প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা এবং দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে