আগামী বিশ্বকাপে শুধু খেলা দেখানো নয়, মুনাফার লক্ষ্য সরকারের: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন | প্রকাশ: ২৬ জুলাই, ২০২৬, ০৫:২৭ পিএম
আগামী বিশ্বকাপে শুধু খেলা দেখানো নয়, মুনাফার লক্ষ্য সরকারের: তথ্যমন্ত্রী
ফাইল ছবি

ফিফা বিশ্বকাপ সম্প্রচারে এবার সরকারি রাজস্বের এক টাকাও খরচ হয়নি। এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আগামী বিশ্বকাপে শুধু বিনামূল্যে খেলা সম্প্রচার নয়, বিজ্ঞাপনের বিশাল বাজার থেকে সরকারের জন্য বড় ধরনের মুনাফা অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

রোববার (২৬ জুলাই) তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত ‘ফিফা বিশ্বকাপ ২০২৬ সম্প্রচার ও ধন্যবাদ জ্ঞাপন’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, সরকারের কৃচ্ছ্রসাধন নীতির মধ্যেও দেশের ফুটবলপ্রেমীরা যেন বিশ্বকাপের খেলা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। তাঁর নির্দেশনা অনুযায়ী বিকল্প কাঠামো তৈরি করে এবার কোনো সরকারি রাজস্ব ব্যয় ছাড়াই বিশ্বকাপ সম্প্রচার করা সম্ভব হয়েছে।

জহির উদ্দিন স্বপন বলেন, “এবার আমরা শূন্য ব্যয়ে খেলা সম্প্রচারের চ্যালেঞ্জে জয়ী হয়েছি। আগামী বিশ্বকাপে আমাদের লক্ষ্য শুধু বিনা খরচে খেলা দেখানোর মধ্যে সীমাবদ্ধ থাকবে না। বিজ্ঞাপনের বিশাল বাজারকে কাজে লাগিয়ে বড় ধরনের অর্থ উপার্জন করে এটিকে একটি লাভজনক ইভেন্টে পরিণত করাই সরকারের লক্ষ্য।”

সফলভাবে সম্প্রচার কার্যক্রম শেষ হওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান তথ্যমন্ত্রী। একই সঙ্গে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা, বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান তিনি।

দেশের ক্রীড়াঙ্গনের বর্তমান পরিস্থিতি নিয়েও কথা বলেন জহির উদ্দিন স্বপন। তাঁর মতে, গত কয়েক মাসে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর নেতৃত্বে ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে।

তিনি বলেন, যুবসমাজকে খেলাধুলা ও সুস্থ বিনোদনের সঙ্গে যুক্ত করা গেলে একদিকে মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব হবে, অন্যদিকে তৈরি হবে সুস্থ মনোজগৎ ও দক্ষ মানবসম্পদ।

তথ্যমন্ত্রী বলেন, সরকার খেলাধুলাকে শুধু বিনোদনের মাধ্যম হিসেবে দেখছে না। এটিকে সম্মানজনক পেশা হিসেবে গড়ে তোলার লক্ষ্যেও কাজ করা হচ্ছে।

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা ও ধন্যবাদপত্র দেওয়া হয়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক তাঁদের হাতে এসব তুলে দেন।

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. শাহ আলম, প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে