বাগেরহাটের মোল্লাহাট উপজেলার আটজুড়ী এলাকায় মধুমতি নদীতে অবৈধভাবে মাছ শিকার রোধে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে প্রায় দুই হাজার মিটার অবৈধ জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে দুই ব্যক্তিকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পরিচালিত অভিযানে ৪০টি চায়না জাল ও ৪টি বেহুন্দি জাল (প্রায় ২ হাজার মিটার) জব্দ করা হয়। পরে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
অভিযানটি পরিচালনা করেন মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমনা আইরিন। এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব রায়সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন জানায়, নদীর জীববৈচিত্র্য সংরক্ষণ, মাছের প্রজনন নিশ্চিতকরণ এবং অবৈধ মৎস্য আহরণ বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।