মাদ্রাসার শিক্ষার্থীদের মারধর করলেন জামায়াত এমপির মেয়ে, প্রতিবাদে বাড়ি ঘেরাও

এফএনএস (প্রতিবেদক):
| আপডেট: ২৮ জুলাই, ২০২৬, ০৪:৩৩ পিএম | প্রকাশ: ২৮ জুলাই, ২০২৬, ০৪:৩৩ পিএম
মাদ্রাসার শিক্ষার্থীদের মারধর করলেন জামায়াত এমপির মেয়ে, প্রতিবাদে বাড়ি ঘেরাও

যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির গোলাম রসুলের বাড়ি ঘেরাও করেছেন বিক্ষুব্ধ জনতা। সংসদ সদস্যের মেয়ে মেহেজাবিন জান্নাত অনন্যার বিরুদ্ধে স্থানীয় মাদ্রাসার শিক্ষার্থীদের মারধর ও বেপরোয়া আচরণের অভিযোগে আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে যশোর শহরের নীলগঞ্জ সুপারি বাগান এলাকায় ওই বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করেন তাঁরা।

এ সময় বিক্ষুব্ধ জনতা বাড়ির বিভিন্ন জানালায় ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর চালান। ঘটনার সময় সংসদ সদস্য গোলাম রসুলসহ তাঁর পরিবারের সদস্যরা বাড়িতেই ছিলেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। বাড়ির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

বিক্ষোভকারীদের অভিযোগ, সংসদ সদস্যের বাড়ির বিপরীত পাশে অবস্থিত আল মাদ্রাসাতুল শারইয়্যাহ’র শিশু শিক্ষার্থীদের গতকাল সোমবার বিকেলে মারধর ও ভয়ভীতি দেখান তাঁর মেয়ে অনন্যা। পরে পুলিশের মধ্যস্থতায় আলোচনার মাধ্যমে মাদ্রাসা কর্তৃপক্ষ ও সংসদ সদস্যের পরিবারের মধ্যে সমঝোতা হয়।

স্থানীয়রা জানান, আজ মঙ্গলবার সকালে ফের শিশু ও অভিভাবকদের ওপর চড়াও হন তিনি। এ সময় এক শিশুর অভিভাবক রেকসানা খাতুনের মাথায় তালার আঘাত লাগে। এ নিয়ে মাদ্রাসার অভিভাবক ও এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং সংঘবদ্ধ হয়ে সংসদ সদস্যের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন। তাঁরা বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করেন এবং ইটপাটকেল ছুড়ে জানালার কাচ ভেঙে দেন। পরে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে এবং কয়েক ঘণ্টা পর বিক্ষোভকারীদের সরিয়ে দেয়।

আল মাদ্রাসাতুল শারইয়্যাহ’র মুহতামিম কবির হোসাইন অভিযোগ করে বলেন, ‘এমপি সাহেবের মেয়ে শিশুদের ওপর বিভিন্ন সময় চড়াও হয়। সর্বশেষ সোমবারও মারধর করে। এর পরিপ্রেক্ষিতে সোমবার দুই পক্ষ বসে মীমাংসা করা হয়। মঙ্গলবার সকালে শিশুরা খেলছিল; হঠাৎ এমপি ও তার মেয়ে এসব শিশুদের ওপর চড়াও হয়। এক পর্যায়ে এমপি সাহেবের মেয়ে তালা ছুড়ে মারলে এক শিশু শিক্ষার্থীর অভিভাবকের মাথায় লাগে। তারপর ক্ষুব্ধ অভিভাবক ও জনতা এসে বিক্ষোভ করে।’

ঘটনার পর কয়েক ঘণ্টা নিজ বাড়িতে অবরুদ্ধ ছিলেন সংসদ সদস্য গোলাম রসুল ও তাঁর পরিবার। এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

তবে গোলাম রসুলের স্ত্রী শারমিন ডিনা দাবি করেন, তাঁদের মেয়ে অনন্যা মানসিক সমস্যায় ভুগছেন। তিনি বলেন, মাদ্রাসা বন্ধ থাকলেও সেখানে বিভিন্ন সময় শিশুরা এসে গোলযোগ সৃষ্টি করে এবং এর প্রতিবাদ করায় তাদের সঙ্গে বিরোধ তৈরি হয়েছে। তিনি আরও বলেন, তাঁদের বাড়িতে হামলা চালিয়ে এখন মিথ্যা অভিযোগ আনা হচ্ছে।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, এমপির মেয়ের সঙ্গে মাদ্রাসার শিশু ও অভিভাবকদের ঝামেলা হয়েছে। সেই ঘটনার জের ধরে বিক্ষুব্ধ জনতা সংসদ সদস্যের বাড়ি ঘেরাও করে। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। কারও অভিযোগ থাকলে লিখিতভাবে দিতে বলা হয়েছে এবং তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

আপনার জেলার সংবাদ পড়তে