নওগাঁর ধামইরহাটে জাতীয় সংসদের সরক্ষিত নারী ১৯ আসনের এম.পি আন্না মিনজ্ সাংগঠনিক সফরের অংশ হিসেবে ধামইরহাট উপজেলা প্রশাসন ও বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে পৃথক মতবিনিময় করছেন। ২৯ জুলাই সকাল সাড়ে ৯টায় উপজেলা বিএনপি কার্যালয়ে উপস্থিত হলে দলীয় নেতৃবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কে.এম লায়েক আলির সভাপতিত্বে নেতৃবৃন্দকে নিয়ে বৈঠকে বসেন এবং সাংগঠনিক ও উপজেলার উন্নয়ন বিষয়ে মতবিনিময় করেন।
নওগাঁ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম লিটনের সঞ্চালনায় উপজেলার সাংগঠনিক পরিস্থিতি ও এলাকার উন্নয়ন প্রয়োজনীয়তা নিয়ে বক্তব্য প্রদান করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক মোঃ হানজালা, সাংগঠনিক সম্পাদক শামিম কবির মিল্টন, পৌর বিএনপির সভাপতি শহীদুর রহমান, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান মীর, জেলা মহিলা দলের সহ-সভাপতি মাজেদা বেগম, যুবদল নেতা মোসাদ্দেকুর রহমান প্রমূখ। নেতৃবৃন্দের বক্তব্য শোনার পর প্রধান অতিথি দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। তাঁর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি'র কেন্দ্রিয় কমিটির এ্যাড. জন গমেজ।
পরে সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসন পরিদর্শনে আসলে নবাগত ইউএনও কাজী তাহমিনা সারমিন সংরক্ষিত আসনের সংসদ সদস্য আন্না মিনজ’কে ফুলেল শুভেচ্ছা জানান এবং এসিল্যান্ড সাজ্জাদ পারভেজ এর সঞ্চালনায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণকে নিয়ে মত বিনিময় করেন।