২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, সাত মাসে অর্ধশতাধিক প্রাণহানি

এফএনএস প্রতিবেদক: | প্রকাশ: ৩০ জুলাই, ২০২৬, ০৭:৫২ পিএম
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, সাত মাসে অর্ধশতাধিক প্রাণহানি

দেশজুড়ে আবারও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে মশাবাহিত রোগ ডেঙ্গু। এতে সাম্প্রতিক কয়েক দিন থেকেই ঝরছে মানুষের তাজা প্রাণ। একই সঙ্গে আক্রান্ত হয়ে হাসপাতালে ভিড় জমাচ্ছে রোগীরা। সবশেষ গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত মশাবাহিত রোগটিতে মোট ৫৩ জনের প্রাণহানি হলো। এদিকে গত একদিনে নতুন করে ৪৬৩ জন ডেঙ্গুজ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। 

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে ঢাকা বিভাগে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে খুলনা বিভাগে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে গত একদিনে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি (১৮৯ জন) ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ ছাড়াও গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে ৬৯, বরিশাল বিভাগে ৬৭, খুলনা বিভাগে ৬২, রাজশাহী বিভাগে ৩২, ময়মনসিংহ বিভাগে ২১, রংপুর বিভাগে ২০ ও সিলেট বিভাগে ডেঙ্গু নিয়ে ৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছর ১ জানুয়ারি থেকে আজ বৃহস্পতিবার পর্যন্ত ডেঙ্গুতে মোট ৫৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই ডেঙ্গুতে ২৫ জন মারা গেছেন। 

এ ছাড়াও উল্লেখিত সময়ে খুলনা বিভাগে ৯ জন ছাড়াও ময়মনসিংহ ও বরিশাল বিভাগে ৬ জন করে মোট ১২ জন, চট্টগ্রাম বিভাগে ৫ জন এবং রাজশাহী ও রংপুর বিভাগে ডেঙ্গুতে একজন করে মোট ২ জনের মৃত্যু হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে