লক্ষ্ণীপুরের রায়পুরে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে মানববন্ধন, র্যালি ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৫টায় উপজেলার বামনী ইউনিয়নের কাফিলাতলী সাগরদী কে এস পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
পরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক সমাজ ও রাষ্ট্রের জন্য একটি ভয়াবহ অভিশাপ। মাদকের বিস্তারের সঙ্গে সন্ত্রাস, চাঁদাবাজি, ইভটিজিং, দুর্নীতি এবং কিশোর গ্যাংয়ের মতো অপরাধও বাড়ছে। এসব অপরাধ প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসন এবং সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। কে এস পাবলিক উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও প্রাক্তন শিক্ষার্থী বাহারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন লক্ষ্ণীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ শরীফ উদ্দিন। তিনি বলেন, “জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন। সচেতন সমাজ গড়ে উঠলে শান্তি, নিরাপত্তা ও সম্প্রীতির সমাজ প্রতিষ্ঠা সম্ভব।” এ সময় বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজ উদ্দিন চৌধুরী। এছাড়া অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করা এবং মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে সামাজিক আন্দোলন জোরদার করতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।