সংগঠন নিয়ে নানা সমস্যায় জর্জড়িত হয়ে সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর সাথে বসতে চান জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার মহাসচিব মোঃ আইউব আলী হাওলাদার। ১ আগষ্ট শনিবার বিকালে শহরের ওয়ারল্যাস বাজার মোড়ে চাঁদপুরে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা চাঁদপুর জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসন কর্তৃক প্রদত্ত জিআর চাল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এদিন ২০ কেজি করে ৪০ জন দৃষ্টি প্রতিবন্ধীর মাঝে চাউল বিতরণ করা হয়।
জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার মহাসচিব মোঃ আইউব আলী হাওলাদার বলেন, অন্ধরা বিভিন্নভাবে সমাজকল্যাণ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবদের হাতে নির্যাতিত। আমাদের একটা সংগঠন আছে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা। এরা সেটা নিয়ে নানা তালবাহানা করছে। বর্তমানে সেখানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব দলবল নিয়ে এসে ঢাকা হেড অফিসে তালা লাগিয়ে গেছেন।
মোঃ আইউব আলী হাওলাদার আরও বলেন, দেশে অসহায় হতদরিদ্র দৃষ্টি প্রতিবন্ধীর অভাব নেই। ১৯৬৪ সাল হতে আমরা সংগঠনের মাধ্যমে দৃষ্টি প্রতিবন্ধীদের নিয়ে কাজ করছি। আমাদের জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার ৪৯টি জেলায় শাখা কমিটি রয়েছে। কিন্তু বর্তমানে দেশে নানা রকমের কার্ড ইস্যু করছে সরকার। যা আমাদের ৪৯ টি জেলার কেউই কার্ড পায়নি। এ কার্ডগুলো গেলো কোথায়? কারা পাচ্ছে?
তিনি বলেন, ঢাকায় আইন ও নিয়মনীতি লঙ্গণ করে প্রশাসক নিয়োগ করে আমাদের অফিসে তালাবদ্ধ করে রেখেছে। আমরা অফিসে বসতে পারছি না। তাই সকল সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চাচ্ছি। এসময় জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ইব্রাহীম মাঝী, দৃষ্টি প্রতিবন্ধী আলমগীর বরকন্দাজ, রফিক খানসহ অন্যরা উপস্থিত ছিলেন।