সৈয়দপুরে সড়ক-ফুটপাত দখলমুক্ত করতে হিমশিম পৌর কর্তৃপক্ষ

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ১ আগস্ট, ২০২৬, ০২:৩৩ পিএম
সৈয়দপুরে সড়ক-ফুটপাত দখলমুক্ত করতে হিমশিম পৌর কর্তৃপক্ষ

নীলফামারীর বাণিজ্যিক শহর সৈয়দপুরে সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা বন্ধে বারবার উদ্যোগ নিয়েও কাঙ্ক্ষিত সফলতা পাচ্ছে না পৌর কর্তৃপক্ষ। উচ্ছেদ অভিযান পরিচালনার কয়েকদিনের মধ্যেই আবারও ফুটপাত ও সড়কের একাংশ দখল করে বসছে ভাসমান ও স্থায়ী ব্যবসায়ীরা। ফলে প্রতিদিনই বাড়ছে যানজট, দুর্ভোগে পড়ছেন পথচারী, শিক্ষার্থী, নারী ও প্রবীণরা। 

সরেজমিনে দেখা যায়, শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোর দুই পাশে দোকানের মালামাল, অস্থায়ী স্টল, ফল, সবজি, পোশাক ও বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে রাখা হয়েছে। কোথাও কোথাও ফুটপাত পুরোপুরি দখল হয়ে যাওয়ায় বাধ্য হয়ে পথচারীদের মূল সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে। এতে ছোটখাটো দুর্ঘটনার ঝুঁকি যেমন বাড়ছে, তেমনি সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট।

স্থানীয়দের অভিযোগ, মাঝে মধ্যে অভিযান চালিয়ে মালামাল সরিয়ে দেওয়া হলেও নিয়মিত নজরদারির অভাবে পরিস্থিতি আগের অবস্থায় ফিরে যায়। ফলে পৌরসভার অভিযান দীর্ঘমেয়াদে কার্যকর হচ্ছে না।

সচেতন নাগরিকদের মতে, শুধু উচ্ছেদ অভিযান নয়, বিকল্প হকার জোন নির্ধারণ, নিয়মিত মনিটরিং, আইন প্রয়োগ এবং ব্যবসায়ী সংগঠনগুলোর সহযোগিতা ছাড়া এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। অনেকের মতে, ফুটপাত পথচারীদের জন্য। এটি দখল হয়ে গেলে শহরবাসীর স্বাভাবিক চলাচল ব্যাহত হয় এবং সড়ক ব্যবস্থাপনার ওপরও নেতিবাচক প্রভাব পড়ে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, অতীতেও শহরের বিভিন্ন সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে একাধিক অভিযান পরিচালিত হয়েছে। তবে অভিযান শেষে পুনরায় দখল হওয়ায় সমস্যা স্থায়ীভাবে সমাধান হয়নি। এ অবস্থায় শহরবাসীর দাবি, অবৈধ দখলমুক্ত সড়ক ও ফুটপাত নিশ্চিত করতে পৌরসভা, উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং ব্যবসায়ী নেতাদের সমন্বয়ে ধারাবাহিক ও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হোক। তাহলেই বাণিজ্যিক শহর সৈয়দপুরে স্বস্তি ফিরবে এবং সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত হবে।

আপনার জেলার সংবাদ পড়তে