জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে

নীলফামারীতে জামায়াতের গণসমাবেশ

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ১ আগস্ট, ২০২৬, ০৭:১৩ পিএম
নীলফামারীতে জামায়াতের গণসমাবেশ

চব্বিশের ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এবং 'জুলাই সনদ' বাস্তবায়নের দাবিতে নীলফামারীতে গণসমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, নীলফামারী জেলা শাখা। শনিবার (১ আগস্ট) বিকেল ৪টায় শহরের ডিসির মোড়ে আয়োজিত এ সমাবেশে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখার আমীর ও সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। সভাপতির বক্তব্যে তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের আলোকে যে প্রত্যাশা সৃষ্টি হয়েছিল, তা বাস্তবায়নে দ্রুত 'জুলাই সনদ' কার্যকর করা প্রয়োজন। অন্যথায় দাবি আদায়ে রাজপথে আন্দোলনের কর্মসূচি দেওয়া হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম বলেন, জুলাই গণ-অভ্যুত্থান অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামের প্রেরণা জুগিয়েছে। শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন এবং বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের দাবি জানান তিনি। জেলা সহকারী সেক্রেটারি ও সংসদ সদস্য অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতীফ বলেন, জুলাইয়ের আন্দোলন ছিল জনগণের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। তিনি জুলাই সনদকে রাষ্ট্রীয় ও আইনি কাঠামোর অংশ করার দাবি জানান এবং এ বিষয়ে বিলম্ব হলে দল কঠোর কর্মসূচি দিতে পারে বলে মন্তব্য করেন।

নীলফামারী-৩ (জলঢাকা) আসনের সংসদ সদস্য ওবায়দুল্লাহ সালাফি বলেন, জুলাই আন্দোলনে তরুণদের আত্মত্যাগের মাধ্যমে যে নতুন সম্ভাবনার সৃষ্টি হয়েছে, তা বাস্তবায়নে জুলাই সনদের দাবিগুলো কার্যকর করা প্রয়োজন। নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়নের জন্য জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন জরুরি। একই সঙ্গে তিনি যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় দলীয় নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান।

সমাবেশকে কেন্দ্র করে ডিসির মোড় ও আশপাশের এলাকায় ব্যানার, ফেস্টুন ও বিভিন্ন স্লোগানে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। পরে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়ার মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

আপনার জেলার সংবাদ পড়তে