আশাশুনি থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১৫০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামিকে শনিবার (১ আগষ্ট) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে থানার অফিসার ইনচার্জ শামীম আহমদ খানের নেতৃত্বে এসআই কামরুল ইসলাম, এসআই আব্দুর রউফ গোপন সংবাদের ভিত্তিতে শ্রীউলা ইউনিয়নের বুড়াখরাটি গ্রামে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে মৃত আবেদ আলী গাজীর ছেলে জাহাঙ্গীর গাজীকে ১৫০ গ্রাম গাঁজাসহ তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম আহমদ খান জানান, আসামির কাছ থেকে মাদক বিক্রয়ের ৪ হাজার ১৩৫ টাকা উদ্ধার করা হয়েছে। সাতক্ষীরা জেলার বিভিন্ন থানাসহ কেএমপি লবণ চরা থানায় তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে আশাশুনি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।