নীলফামারীতে ওষুধ ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ৩ আগস্ট, ২০২৬, ০১:৩২ পিএম
নীলফামারীতে ওষুধ ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়

নীলফামারী শহরের ওষুধ ব্যবসায়ীদের সঙ্গে ঘরোয়া পরিবেশে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২ আগস্ট শহরের বড় বাজার এলাকায় সাপ্তাহিক নীলচোখ পত্রিকার সম্পাদক ও প্রকাশক হাকীম মোস্তাফিজুর রহমান সবুজের চেম্বারে ওই সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আলমগীর হোসেন, ঔষধ তত্ত্বাবধায়ক, ঔষধ প্রশাসন, নীলফামারী। তিনি জেলার কেমিস্টদের উদ্দেশে ওষুধ ব্যবসা পরিচালনায় সরকারি বিধি-বিধান যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। 

মো. আলমগীর হোসেন বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় নকল ও ভেজাল ওষুধ প্রতিরোধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রতিটি ওষুধ ক্রয়ের ইনভয়েস সংরক্ষণ, অ্যান্টিবায়োটিক বিক্রির প্রচলিত নীতিমালা কঠোরভাবে অনুসরণ, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি থেকে বিরত থাকা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ যথাযথ নিয়মে অপসারণ ও ধ্বংস করার বিষয়ে তিনি উপস্থিত ব্যবসায়ীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

তিনি আরও বলেন, ওষুধ ব্যবসায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইন মেনে চলার মাধ্যমে জনগণের নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করা সম্ভব। এ ক্ষেত্রে ঔষধ ব্যবসায়ীদের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির কেন্দ্রীয় পরিচালক হাকীম মোস্তাফিজুর রহমান সবুজ। এতে

নীলফামারী শহরের বিভিন্ন ফার্মেসির মালিক ও কেমিস্টরা উপস্থিত ছিলেন। তারা ঔষধ প্রশাসনের বিভিন্ন নির্দেশনা বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সভায় ব্যবসায়ীদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন ঔষধ তত্ত্বাবধায়ক মো. আলমগীর হোসেন।

আপনার জেলার সংবাদ পড়তে