রোহিঙ্গাদের জন্য আরও ২৫.২৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার সহায়তা দিচ্ছে অস্ট্রেলিয়া

এফএনএস (প্রতিবেদক):
| আপডেট: ৩ আগস্ট, ২০২৬, ০৪:২২ পিএম | প্রকাশ: ৩ আগস্ট, ২০২৬, ০৪:২০ পিএম
রোহিঙ্গাদের জন্য আরও ২৫.২৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার সহায়তা দিচ্ছে অস্ট্রেলিয়া

রোহিঙ্গা শরণার্থী ও তাদের আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীর জন্য বাংলাদেশকে আরও ২৫ দশমিক ২৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার সহায়তা দিচ্ছে অস্ট্রেলিয়া।

সোমবার  অস্ট্রেলিয়া সরকার ও জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর এ সহায়তার ঘোষণা দেয়। ঢাকার পদ্মা স্টেট গেস্ট হাউসে এ উপলক্ষে চুক্তিতে সই করেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল এবং ইউএনএইচসিআরের ভারপ্রাপ্ত কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ জুলিয়েট মুরেকেইসোনি।

অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং অস্ট্রেলিয়ার সহকারী মন্ত্রী জুলিয়ান হিল উপস্থিত ছিলেন। নতুন এই অর্থায়ন ইউএনএইচসিআরের মাধ্যমে রোহিঙ্গা শরণার্থী ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর জন্য জীবনরক্ষাকারী সহায়তা ও সুরক্ষা কার্যক্রমে ব্যয় করা হবে। এর আওতায় জরুরি খাদ্য, বিশুদ্ধ পানি, আশ্রয়, সুরক্ষা, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। বিশেষ গুরুত্ব দেওয়া হবে নারী, শিশু ও প্রতিবন্ধী ব্যক্তিদের প্রয়োজনীয় সেবায়।

অস্ট্রেলিয়া জানিয়েছে, এ অর্থায়ন বহু-বছর মেয়াদি হওয়ায় প্রয়োজন অনুযায়ী জরুরি মানবিক সহায়তা অব্যাহত রাখা সম্ভব হবে। এটি দেশটির নতুন তিন বছর মেয়াদি ৩৭০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের মানবিক সহায়তা প্যাকেজের অংশ।

২০১৭ সালে রোহিঙ্গা সংকট শুরুর পর থেকে এ পর্যন্ত অস্ট্রেলিয়ার মোট মানবিক সহায়তার প্রতিশ্রুতি ১ দশমিক ২৬ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারে পৌঁছেছে।

বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল বলেন, বাংলাদেশ ও মিয়ানমারের মানবিক সংকটে অস্ট্রেলিয়ার সহায়তা দেশটির বৈশ্বিক মানবিক সহায়তা কার্যক্রমের অন্যতম বৃহৎ উদ্যোগ। বাস্তুচ্যুত রোহিঙ্গা ও তাদের আশ্রয়দাতা জনগোষ্ঠীর পাশে অস্ট্রেলিয়া ভবিষ্যতেও থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে