নীলফামারীর সৈয়দপুরে বৌভাতের দাওয়াত খেয়ে ৭ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। খাবারে বিষক্রিয়ার কারণে এটি হতে পারে এমন ধারণা করছেন চিকিৎসক। ৮ আগস্ট রাতে সৈয়দপুর হাতিখানা খ্রিস্টানপাড়া এলাকায় এমন ঘটনা ঘটে। সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি আছেন, দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আফতাবপুর মাছুয়াপাড়ার লালটুর স্ত্রী বাবলি, নিরঞ্জনের স্ত্রী উজালী, হরির স্ত্রী সোনালী, হরিদাসের ছেলে আদি, ষষ্ঠী রায়ের ছেলে দিন কাটুন, পার্বতীপুর উপজেলার মন্মথপুর ইউনিয়নের দাগলাগঞ্জ এলাকার তৃপ্ত রায়ের ছেলে উজ্জ্বল এবং সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের বকাতিপাড়ার খুরশিদের ছেলে আলামিন।
জানা গেছে, কয়েকদিন পুর্বে সৈয়দপুর হাতিখানা খ্রিস্টানপাড়ার শুভ নামে এক ছেলের সাথে কামারপুকুর ইউনিয়নের বকাতিপাড়ার বাদল হোসেনের মেয়ে গৌরীর বিয়ে হয়। গত শনিবার ছিল বৌভাত অনুষ্ঠান। ওই অনুষ্ঠানে আত্মীয়স্বজনরা খাবার খাওয়ার কিছক্ষণের মধ্যে কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। ওই অবস্থায় তাদের সৈয়দপুর ১০০ শয্যা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের চিকিৎসক বলেন, বমি ও পেটব্যথা নিয়ে ৭ জন ভর্তি হয়েছেন। ধারণা করা হচ্ছে, খাবারে বিষক্রিয়ার কারণে এটি হতে পারে। তাদের প্রয়োজনীয় ওষুধ দেয়া হয়েছে।