২৫ সুবিধাবঞ্চিতের মাঝে চা-ঘরের সনদ হস্তান্তর

হাসিনা যে ভাষায় কথা বলতেন, বিরোধীদল সেই ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

এফএনএস (মমিনুল ইসলাম রিপন; রংপুর) :
| আপডেট: ৯ আগস্ট, ২০২৬, ০৩:১৩ পিএম | প্রকাশ: ৯ আগস্ট, ২০২৬, ০৩:০৮ পিএম
হাসিনা যে ভাষায় কথা বলতেন, বিরোধীদল সেই ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

হাসিনা যে ভাষায় কথা বলতেন, বিরোধীদলও সেই ভাষায় কথা বলছে’ বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আমাদের একটি বিরোধী দল আছে। দুর্ভাগ্যজনকভাবে এই বিরোধী দল আবার আগের মতোই ভূমিকা পালন করতে শুরু করেছে। তারা হাসিনা যে ভাষায় কথা বলতেন, সেই ভাষাতেই কথা বলছেন।’

রোববার (৯ আগস্ট) বেলা সাড়ে ১১টায় রংপুর জেলা শিল্পকলা একাডেমিতে যুক্তরাষ্ট্রভিত্তিক চ্যারিটি সংস্থা লাভ শেয়ার বিডি'র নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত ‘সুবিধাবঞ্চিতদের স্বাবলম্বীকরণ প্রকল্প’-এর শুভ উদ্বোধন ও রংপুর অঞ্চলের ২৫ জন সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ২৫টি চা-ঘরের সনদপত্র হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্য শুরুর আগে সুবিধাবঞ্চিত ২৫ জনের হাতে চা-ঘরের সনদপত্র তুলে দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন ও তাদের স্বাবলম্বী করে তুলতে প্রকল্পটির আওতায় এসব চা-ঘর প্রদান করা হচ্ছে। এর মাধ্যমে নির্বাচিত ব্যক্তিদের স্থায়ী আয়ের সুযোগ সৃষ্টি এবং পরিবারকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হয়েছে। পরে বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘একটি ধ্বংসপ্রাপ্ত অর্থনীতির দিকে দেশকে ঠেলে দেওয়া শুরু হয়েছিল। একটি বিপর্যস্ত প্রশাসনকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। সেই চেষ্টা শুরু হয়েছে।’ জ্বালানি ও গ্যাস সংকট প্রসঙ্গে তিনি বলেন, ‘কয়েক বছর ধরে আমরা জ্বালানি ও গ্যাসের সংকটের মধ্যে আছি। এর আগে দেশে গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আমাদের একটি প্রতিষ্ঠান আছে, বাপেক্স। বাপেক্সকে দিয়ে আবার গ্যাস অনুসন্ধানের চেষ্টা করা হচ্ছে।’

তিনি বলেন, ‘দেশের প্রয়োজনীয় তেল ও গ্যাস বিদেশ থেকে জাহাজে করে আনতে হয়। এতে আমাদের বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় হয়। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, ইরান-ইসরায়েল সংঘাত এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন যুদ্ধ ও সংঘাতের কারণে এর প্রভাব আমাদের ওপরও পড়ে। এর ফলে জ্বালানি ও তেলের দাম বেড়ে যায়। আমরা সেই পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করছি।’

মির্জা ফখরুল বলেন, ‘ইনশাআল্লাহ, অতি অল্প সময়ের মধ্যে এই সমস্যার সমাধান হবে। যারা আমদানি করে, তাদের কারণেই এসব সমস্যার সৃষ্টি হচ্ছে।’ 

তিনি আরও বলেন, ‘যে বিষয়গুলো নিয়ে এত কথা বলা হচ্ছে, সেগুলো বুঝতে হবে। শুধু কথা বললেই হবে না। আমাদের বাস্তব পরিস্থিতি বুঝতে হবে এবং সংকট মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নিতে হবে।’ দেশের চলমান সংকট মোকাবিলায় সরকারের উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, ‘আমরা এই দুর্যোগের মোকাবিলা করব। জনগণের জন্য যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছে, সেগুলো বাস্তবায়নের চেষ্টা করব।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রদূত ও সিনিয়র সচিব মুসফিকুল ফজল আনসারী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. সামসুজ্জামান সামু, রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন, রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম এবং অতিরিক্ত জেলা পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জয়নাল আবেদীন প্রমূখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লাভ শেয়ার বিডির পরিচালক জাহিদ খান।

আয়োজকরা জানান, যুক্তরাষ্ট্রভিত্তিক চ্যারিটি সংস্থা লাভ শেয়ার বিডির নিজস্ব অর্থায়নে ‘সুবিধাবঞ্চিতদের স্বাবলম্বীকরণ প্রকল্প’ বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পের মূল লক্ষ্য হলো সুবিধাবঞ্চিত মানুষের জন্য আয়বর্ধক কর্মসংস্থানের সুযোগ তৈরি করা, তাদের জীবনমান উন্নয়ন এবং ধীরে ধীরে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা

আপনার জেলার সংবাদ পড়তে