বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সম্পর্ককে আরও কার্যকর, বহুমাত্রিক ও পারস্পরিক স্বার্থনির্ভর পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রে ধারাবাহিক কর্মসূচি এবং গুরুত্বপূর্ণ বৈঠক শেষে দেশে ফিরছেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং ইউএস কংগ্রেসনাল বাংলাদেশ ককাসের কো-চেয়ারম্যান ডাঃ মাহবুবুর রহমান লিটন।
ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক, নিউ জার্সি ও শিকাগোতে তাঁর সফরজুড়ে বিশেষ গুরুত্ব পেয়েছে সংসদীয় কূটনীতি, মার্কিন কংগ্রেসের সঙ্গে যোগাযোগ, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা, স্বাস্থ্য কূটনীতি, প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ, পেশাজীবী নেটওয়ার্কের সম্পৃক্ততা এবং বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরা।
সংশ্লিষ্টদের মতে, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ককে শুধু সরকারি পর্যায়ের যোগাযোগের মধ্যে সীমাবদ্ধ না রেখে সংসদ, পেশাজীবী ও প্রবাসী জনগোষ্ঠীর অংশগ্রহণে আরও বিস্তৃত করার ক্ষেত্রে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সংসদীয় ওয়াশিংটনে কূটনীতির নতুন বার্তা: সফরের সবচেয়ে তাৎপর্যপূর্ণ পর্ব ছিল ৩০ জুলাই ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ও বাংলাদেশ জাতীয় সংসদের ইউএস ককাসের মধ্যে উচ্চপর্যায়ের যোগাযোগ। বৈঠক-পরবর্তী পর্যায়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের পরিচালক আল্লা পি. কামিনস ও উপপরিচালক সারাহ ডি. অলড্রিচ এবং বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন ডা. লিটন।