জাপান স্ট্যান্ডার্ড কারিগরি প্রশিক্ষণ

গজারিয়ায় কোস্ট গার্ড ট্রেনিং ইনস্টিটিউটে ১০৬ জন পেলেন সনদ

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) :
| আপডেট: ১১ আগস্ট, ২০২৬, ০২:৫৫ পিএম | প্রকাশ: ১১ আগস্ট, ২০২৬, ০২:৫৪ পিএম
গজারিয়ায় কোস্ট গার্ড ট্রেনিং ইনস্টিটিউটে ১০৬ জন পেলেন সনদ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় অবস্থিত বাংলাদেশ কোস্ট গার্ড টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে (বিসিজিটিআই) দক্ষতা উন্নয়ন, জাপানি ভাষা শিক্ষা, পেশাগত প্রস্তুতি ও আন্তর্জাতিক কর্মসংস্থানের সুযোগ বিষয়ে ‘টুডেস ট্রেনিং, টুমোরোস জার্নি টু জাপান’ শীর্ষক সেমিনার এবং সনদ বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) সকালে বাংলাদেশ কোস্ট গার্ড টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট এবং হার্টফুল লিমিটেডের যৌথ আয়োজনে এবং সিজিকেএফটিসিএল ও হাইটেক কর্পোরেশনের সহযোগিতায় এই প্রশিক্ষণ কর্মসূচি ও সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

হাইটেক কর্পোরেশনের সিইও ইউশিদা তোমোহিরোর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কোস্ট গার্ডের পরিচালক (লজিস্টিকস) ও কোস্ট গার্ড কল্যাণ ফাউন্ডেশন ট্রেডিং কোম্পানি লিমিটেডের (সিজিকেএফটিসিএল) পরিচালক ক্যাপ্টেন মোহাম্মদ হাবিবুল বিল্লাহ।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুকুজাওয়া জুন। এছাড়া অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন প্রশিক্ষণ কর্মসূচির প্রশিক্ষক মাসাকি সাকুতা, ইয়োকো খান ও আকারি চৌধুরীসহ জাপানি প্রতিনিধি দলের সদস্য ইয়োশিদা তোমোহিরো, কিওআকি তোয়োদা, রিউসুকে সেকিনে, রিউতারো হিরাই, ইউইচি সুজুকি ও ইউজি কোমাগাতা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জাপান-স্ট্যান্ডার্ড নির্মাণ কৌশল ও দক্ষতা অর্জনের মাধ্যমে এ দেশের তরুণরা আন্তর্জাতিক মানের দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হবে। এ ধরনের কারিগরি প্রশিক্ষণ দেশের অবকাঠামোগত উন্নয়ন ও বৈশ্বিক কর্মসংস্থানের বাজারে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

তার বক্তব্যে হার্টফুল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুরাদ হাসান জেনিথ বলেন, 'আন্তর্জাতিক শ্রমবাজারে সফলতার জন্য কেবল কারিগরি প্রশিক্ষণই যথেষ্ট নয়; এর পাশাপাশি ভাষাগত দক্ষতা, পেশাদারিত্ব, সময়ানুবর্তিতা, দায়িত্ববোধ এবং জাপানি কর্মসংস্কৃতির সাথে পরিচিত হওয়া অত্যন্ত জরুরি। আজকের এই প্রশিক্ষিত তরুণরা ভবিষ্যতে দক্ষ জনশক্তি ও কর্মসংস্থানে সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশ ও জাপানের মধ্যকার সম্পর্কের সেতু বন্ধনকে আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে।' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ কোস্ট গার্ডের পরিচালক (লজিস্টিকস) ও কোস্ট গার্ড কল্যাণ ফাউন্ডেশন ট্রেডিং কোম্পানি লিমিটেডের (সিজিকেএফটিসিএল) পরিচালক ক্যাপ্টেন মোহাম্মদ হাবিবুল বিল্লাহ বলেন, "বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে দক্ষ জনশক্তি গড়ে তোলার বিষয়টি গুরুত্ব পেয়েছে। সেই লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশ কোস্ট গার্ড সরকারেক সহায়তা করে যাচ্ছে। আন্তর্জাতিক বাজারে একজন অদক্ষ মানুষের চেয়ে দক্ষ মানুষের চাহিদা বহুগুণ বেশি। বাংলাদেশে অনেক যুবক এখনও বেকার রয়েছে; আমি তাদের প্রতি আহ্বান জানাবো প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে নিজেদের দক্ষ হিসেবে গড়ে তুলুন। গজারিয়ায় অবস্থিত বাংলাদেশ কোস্ট গার্ড টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট আপনাদের স্বপ্নপূরণে সবসময় সহায়ক ভূমিকা পালন করবে।" অনুষ্ঠান শেষে সফলভাবে কোর্স সম্পন্নকারী ৩টি ব্যাচের ১০৬ জন প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ।

আপনার জেলার সংবাদ পড়তে