বৈধ অভিবাসন নিশ্চিত করতে নীলফামারীতে সমন্বয় কমিটির সভা

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ১১ আগস্ট, ২০২৬, ০৩:৩৪ পিএম
বৈধ অভিবাসন নিশ্চিত করতে নীলফামারীতে সমন্বয় কমিটির সভা

নিরাপদ, সুশৃঙ্খল ও বৈধ অভিবাসন নিশ্চিতকরণ এবং মানবপাচার প্রতিরোধে নীলফামারীতে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ আগস্ট) জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মোঃ মেহেদী মোর্শেদসহ জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিবৃন্দ, অভিবাসন সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজন এবং জেলা অভিবাসন সমন্বয় কমিটির অন্যান্য সদস্যরা সভায় অংশ নেন। সভায় বিদেশগমনেচ্ছু নাগরিকদের নিরাপদ ও বৈধ পথে বিদেশ যাওয়ার বিষয়ে সচেতনতা বৃদ্ধি, প্রয়োজনীয় তথ্য ও সেবা নিশ্চিত করা এবং অভিবাসন প্রক্রিয়ায় নাগরিকদের হয়রানি ও প্রতারণা থেকে রক্ষার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এ সময় অবৈধভাবে বিদেশে যাওয়ার প্রবণতা রোধ, মানবপাচার প্রতিরোধ এবং দালালচক্রের অপতৎপরতা বন্ধে সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানে করণীয় নির্ধারণ এবং বিদেশগমনেচ্ছুদের যথাযথ তথ্য ও সেবা প্রদানের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় বক্তারা বলেন, নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে বিদেশগমনেচ্ছু নাগরিকদের বৈধ প্রক্রিয়া সম্পর্কে সচেতন হতে হবে। একই সঙ্গে মানবপাচার ও প্রতারণার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন।

আপনার জেলার সংবাদ পড়তে