নীলফামারীতে বিদ্যুতের সুষ্ঠু ব্যবস্থাপনা, অপচয় রোধ ও সর্বোচ্চ সাশ্রয় নিশ্চিত করার লক্ষ্যে জেলা বিদ্যুৎ ব্যবস্থাপনা ও সাশ্রয় সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ আগস্ট) জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান।
সভায় নীলফামারী গণপূর্ত বিভাগের প্রধান নির্বাহী প্রকৌশলী মোঃ সাকিউজ্জামানসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিদ্যুৎ বিভাগের প্রতিনিধিবৃন্দ, জেলা বিদ্যুৎ ব্যবস্থাপনা ও সাশ্রয় সমন্বয় কমিটির সদস্য এবং সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজন উপস্থিত ছিলেন। সভায় জেলার সার্বিক বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে বিদ্যুতের সুষ্ঠু ও কার্যকর ব্যবস্থাপনা, ব্যবহারে সর্বোচ্চ সাশ্রয় নিশ্চিতকরণ, অপ্রয়োজনীয় বিদ্যুৎ অপচয় রোধ এবং বিদ্যুৎ ব্যবহারে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরা হয়।
সভায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সর্বস্তরে বিদ্যুতের অপচয় রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি প্রয়োজন ছাড়া বৈদ্যুতিক বাতি, ফ্যান ও অন্যান্য যন্ত্রপাতি চালু না রাখা এবং বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার বিষয়ে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
জেলার বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সব দপ্তর, প্রতিষ্ঠান ও অংশীজনের সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথাও সভায় তুলে ধরা হয়। বিদ্যুতের সুষ্ঠু ব্যবস্থাপনা ও সাশ্রয় নিশ্চিত করতে নিয়মিতভাবে পরিস্থিতি পর্যালোচনা এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে সভায় আলোচনা করা হয়।