গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারি/২৬ এর তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজার পদে নিয়োগের ফলাফল নিয়ে অভিযোগ তুলে উপজেলা নিবার্হী অফিসার ইফফাত জাহান তুলির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সমাবেশসহ ইউএনও ও সমাজসেবা অফিসে সকাল থেকে তালা ঝুলিয়ে দিয়েছে উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠণের নেতা কর্মীরা।
জানা গেছে, গত সোমবার রাতে তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজার পদের নিয়োগ পরীক্ষার চুরান্ত ফলাফল প্রকাশ করা হলে স্বেচ্ছাচারিতা ও অনিয়মের অভিযোগ তোলে গতকাল মঙ্গলবার উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠণের নেতা কর্মীরা ঐ ফলাফল বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও ইউএনও অফিসসহ সমাজসেবা অফিসে সকাল থেকে তালা ঝুলিয়ে দেয়। একারণে সমাজসেবা অফিস ও ইউএনও অফিসের কোনো কর্মকর্তা- কর্মচারিরা অফিস করতে পারেননি। পরে বিক্ষোভকারীরা উপজেলা চত্বরে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আহম্মেদ, সদস্য সচিব মাহমুদুল প্রামাণিক, সহ-সভাপতি ইফতেখার হোসেন পপেল প্রমুখ। বক্তারা বলেন তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজার পদে চুরান্ত ফলাফলে অনিয়ম, দুর্নীতি করে সরকার বিরোধী ও জনপ্রতিনিধিদের নিয়োগ দেয়ার জন্য তালিকা ভূক্ত করা হয়েছে। এ ফলাফল বাতিল না করলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। এ নিয়ে ইউএনও ইফফাত জাহান তুলির সাথে যোগাযোগ করা হলে তিনি জানান তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজার পদে নিয়োগ নিয়ে কোনো অনিয়ম, দুর্নীতি ও সরকার বিরোধীসহ জনপ্রতিনিধিদের চুরান্ত তালিকা করা হয়নি। ফলাফল স্বচ্ছ পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে প্রকাশ করা হয়েছে। এ তালিকা প্রনয়নে উপজেলা প্রশাসনের প্রায় সকল কর্মকর্তা দক্ষতার সাথে একযোগে কাজ করেছেন। তাই চুরান্ত ফলাফল প্রকাশে কোনো অনিয়মের প্রশ্নই উঠে না।