গফরগাঁওয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা, বিচারের দাবিতে বিক্ষোভ

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) : | প্রকাশ: ১১ আগস্ট, ২০২৬, ০৬:৫০ পিএম
গফরগাঁওয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা, বিচারের দাবিতে বিক্ষোভ

ময়মনসিংহ জেলার গফরগাঁওয়ে চকলেট ও বিস্কুটের লোভ দেখিয়ে ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণে চেষ্টার অভিযোগ উঠেছে। গত রোববার বিকেলে উপজেলার চরআলগী ইউনিয়নের চরমছলন্দ জিরাতীপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। অভিযুক্ত প্রতিবেশী আব্দুর রাজ্জাক (৫৫) একই গ্রামের মৃত আলীমুদ্দিনের ছেলে। এই ঘটনায় সোমবার সকালে শিশুটির মা পারভীন আক্তার বাদী হয়ে গফরগাঁও থানায় একটি মামলা দায়ের করেছেন। পরে শারীরিক পরীক্ষার জন্য শিশুটিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও ময়মনসিংহ আদালতে নেওয়া হয়েছে।

এদিকে মঙ্গলবার (১১ আগষ্ট) বিকাল ৫ টায় থানা পুলিশ ঘটনাস্থলে গেলে অভিযুক্ত আসামিকে অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচার দাবিতে বিক্ষোভ করেছেন গ্রামবাসী। শিশুটির বড়ভাই রিফাত এসব তথ্য নিশ্চিত করেছেন।

পরিবার, স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার (৯ আগষ্ট) বিকেল আনুমানিক ৫টার দিকে শিশুটি বাড়ির পাশে খেলছিল। এ সময় প্রতিবেশী আব্দুর রাজ্জাক (৫৫) তাকে চকলেট ও বিস্কুট খাওয়ানোর লোভ দেখিয়ে কৌশলে বাড়িপাশের একটি টয়লেটে নিয়ে যান। সেখানে শিশুটির মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ করা হয়েছে। পরে ডাক চিৎকারে শিশুর বাড়ি লোকজন সহ প্রতিবেশীরা ছুটে আসলে আব্দুর রাজ্জাক পালিয়ে যায়। পরে শিশুটিকে বাড়িতে ফিরে এনে শিশুটির মা ঘটনার বিস্তারিত জেনে থানায় মামলা করেন। গফরগাঁও থানার ওসি মোঃ মনিরুজ্জামান জানান, এই ঘটনায় থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

আপনার জেলার সংবাদ পড়তে