বৃহস্পতিবার চাঁদপুর পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম।
চাঁদপুর জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান-এর সভাপতিত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবীর-এর সঞ্চালনায় সভাটি পরিচালিত হয়।
কল্যাণ সভায় চাঁদপুর জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সব পদমর্যাদার পুলিশ সদস্যরা অংশ নেন। তারা ডিআইজি’র কাছে তাদের পেশাগত ও ব্যক্তিগত বিভিন্ন সমস্যা, দাবি এবং প্রত্যাশার কথা খোলামেলাভাবে তুলে ধরেন।
প্রধান অতিথি চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম অত্যন্ত আন্তরিকতা ও গভীর মনোযোগের সঙ্গে প্রতিটি বক্তব্য শোনেন। তিনি তাৎক্ষণিকভাবে উত্থাপিত সমস্যাগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করেন এবং দ্রুততম সময়ের মধ্যে তা সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নির্দেশনা প্রদান করেন।
জনবান্ধব ও মানবিক পুলিশিংয়ের ওপর জোর
সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,”জনগণের আস্থার প্রতীক হয়ে কাজ করতে হবে। পুলিশ সদস্যদের কর্মপরিবেশের উন্নয়ন, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী সেবা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।”
তিনি পুলিশ সদস্যদের সবসময় মানবিক, পেশাদার এবং জনবান্ধব পুলিশিং বজায় রাখার আহ্বান জানান।
দক্ষতা ও পেশাদারিত্বের স্বীকৃতি স্বরূপ পুরস্কার বিতরণ
বিশেষ কল্যাণ সভা শেষে পুলিশ বাহিনীর সদস্যদের মনোবল চাঙ্গা করতে এবং কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পদমর্যাদার চৌকস পুলিশ সদস্যদের হাতে পুরস্কার তুলে দেন ডিআইজি।
তিনি পুরস্কারপ্রাপ্ত সদস্যদের উষ্ণ অভিনন্দন জানান এবং আগামী দিনেও দেশপ্রেম, নিষ্ঠা, সততা ও সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করার তাগিদ দেন।
উক্ত কল্যাণ সভায় চাঁদপুর জেলা পুলিশের শীর্ষস্থানীয় কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন: অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্)মো. লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল)মুকুর চাকমা, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল)মো.জাবীর হুসনাইন সানীব, সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল)মো. আব্দুল হাই চৌধুরী, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মিয়াজী আলিফ ইমরান প্রমুখ।
এছাড়াও জেলার সকল থানার অফিসার ইনচার্জগণ, ডিআইও-১ (জেলা বিশেষ শাখা), জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ, শহর ও যানবাহন শাখার পুলিশ পরিদর্শক, কোর্ট পুলিশ পরিদর্শক এবং পুলিশ লাইন্স ও রিজার্ভ অফিসের বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্সগণ এই গুরুত্বপূর্ণ সভায় অংশগ্রহণ করেন।