কলারোয়ায় ইউপি সদস্যসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

এফএনএস (জুলফিকার আলী; কলারোয়া, সাতক্ষীরা) :
| আপডেট: ১৩ আগস্ট, ২০২৬, ০৪:০৫ পিএম | প্রকাশ: ১৩ আগস্ট, ২০২৬, ০৪:০৫ পিএম
কলারোয়ায় ইউপি সদস্যসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সাতক্ষীরার কলারোয়ায় থানা পুলিশের বিশেষ অভিযানে ১২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে চন্দনপুর ইউনিয়নের একজন ইউপি সদস্যও রয়েছেন। মঙ্গলবার রাতে কলারোয়া থানাধীন গয়ড়া গ্রামে এই অভিযান চালানো হয়। আটককৃত ব্যক্তিরা হলেন-মোঃ শাহানুর ইসলাম (৪৮), তিনি কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য এবং গয়ড়া গ্রামের মোঃ আজিজার গাইনের ছেলে। মোঃ সাইফুর রহমান (৩০), পিতা-মোঃ হাবিবুর রহমান, সাং-গয়ড়া, থানা-কলারোয়া, জেলা-সাতক্ষীরা।  মোঃ রাজু আহম্মেদ (২৯), পিতা-মৃত ফজের আলী, সাং-কায়বা, থানা-শার্শা, জেলা-যশোর। থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কলারোয়া থানার ওসির নির্দেশে একটি বিশেষ পুলিশ দল মঙ্গলবার রাতে গয়ড়া গ্রামস্থ ১নং আসামী ও ইউপি সদস্য মোঃ শাহানুর ইসলামের বসত বাড়ীর উঠানে অভিযান চালায়। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টার সময় উপরোক্ত ৩ ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে মোট ১২৫ পিস নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ বিষয়ে কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচএম শাহিন জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কলারোয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আজ বুধবার (১৩/০৮/২০২৬ খ্রিঃ) সকালে আসামীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে কলারোয়া থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

আপনার জেলার সংবাদ পড়তে