বাগেরহাটের মোল্লাহাটে পূর্ববিরোধের জেরে কাজল বেগম (৪৫) নামে এক নারীকে বর্বরোচিতভাবে মারধরের অভিযোগ উঠেছে প্রতিবেশী আজিজুল শেখ ওরফে ‘আজি হুজুর’-এর চার ছেলের বিরুদ্ধে। স্ত্রীকে রক্ষা করতে গেলে তার স্বামী ডেকোরেটর ব্যবসায়ী ও বাবুর্চি মো. বাদশা ফকিরকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
বুধবার (১২ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার কচুড়িয়া এলাকায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। আহত কাজল বেগমকে ওই রাতেই মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার অবস্থা গুরুতর বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
ভুক্তভোগী কাজল ও তার স্বামী বাদশা ফকিরের অভিযোগ, প্রায় তিন বছর আগে তাদের বিয়ে হয়। উভয়েরই এটি দ্বিতীয় বিয়ে। বাদশা ফকিরের প্রথম স্ত্রী ও সন্তান রয়েছে এবং কাজলের আগের স্বামীর একটি সন্তান রয়েছে।
অভিযোগ অনুযায়ী, তাদের বিয়েকে ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাশ্ববর্তী আড়ুয়াডিহি গ্রামের আজিজুল শেখ ওরফে আজি হুজুর বিভিন্ন বিয়ে ও অনুষ্ঠানের আয়োজকদের বাদশা ফকিরকে বাবুর্চির কাজ না দেওয়ার জন্য বলে আসছেন। এতে বাদশা ফকির আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে দাবি করেন তারা।
বৃহস্পতিবার একটি বিয়ের অনুষ্ঠানে রান্নার কাজ ঠিক হলেও একদিন আগে বুধবার ওই বাড়িতে গিয়ে আজি হুজুর কাজটি বন্ধ করে দেন বলে অভিযোগ করেন বাদশা ফকির। বিষয়টি জানতে পেরে তার স্ত্রী কাজল ক্ষুব্ধ হয়ে আজি হুজুরকে গালিগালাজ করেন বলে জানা যায়।
পরে বিষয়টি জানতে পেরে আজি হুজুর কাজলের পৈতৃক বাড়ি আড়ুয়াডিহির কয়েকজন মুরব্বির কাছে অভিযোগ করেন। এরপর ১০-১৫ জন গণ্যমান্য ব্যক্তি কাজল ও তার স্বামীকে সঙ্গে নিয়ে আজি হুজুরের বাড়িতে যান এবং সেখানে কাজল ও তার স্বামীকে দিয়ে পায়ে হাত দিয়ে ক্ষমা চাওয়ানো হয়।
ভুক্তভোগীদের অভিযোগ, এ সময় উপস্থিত গণ্যমান্য ব্যক্তিদের সামনেই আজি হুজুরের চার ছেলে মিশকাত, মিজান, মামুন ও রমজান একযোগে কাজলকে মারধর শুরু করেন। স্ত্রীকে উদ্ধারের চেষ্টা করলে বাদশা ফকিরকেও তারা মারধর করেন। এতে উপস্থিত গণ্যমান্য ব্যক্তিরাও বিব্রত ও অসম্মানিত হন বলে অভিযোগ করা হয়েছে।
পরে উপস্থিত ব্যক্তিরা আহত স্বামী-স্ত্রীকে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।
বাদশা ফকির জানান, বর্তমানে তার স্ত্রী কাজলের চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকায় থানায় অভিযোগ করা সম্ভব হয়নি। তবে চিকিৎসা শেষে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিতে অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
এ ঘটনায় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন তারা। তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।