সাতক্ষীরার কলারোয়ায় গোলাম রসুল শেখ (৩৮) নামে এক মানসিক প্রতিবন্ধী যুবককে বিদ্যুতের খুঁটিতে দড়ি দিয়ে বেঁধে বেধড়ক মারধর এবং এসিড স্প্রে করে ঝলসে দেয়ার গুরুতর অভিযোগ উঠেছে। গত ১০ আগস্ট বিকাল আনুমানিক ৫টার দিকে কলারোয়া উপজেলা পৌর সদরের মির্জাপুর গ্রামের পশ্চিম পাড়া ইয়ামাহ মোটরসাইকেল শোরুমের পাশে এ ঘটনা ঘটে।
আহত গোলাম রসুল শেখ মির্জাপুর গ্রামের মৃত ফজলুর রহমান শেখের ছেলে। তিনি বর্তমানে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় ভুক্তভোগীর ভাই মো. আব্দুল গফুর শেখ (৬২) বাদী হয়ে কলারোয়া থানায় চারজনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তরা হলেন— মির্জাপুর গ্রামের মো. সেকেন্দার আলী (৬২), মো. জিম হোসেন (২২), মোছা. মনি (৫২) এবং মোছা. পপি খাতুন (৪২)।
অভিযোগে উল্লেখ করা হয়, ১০ আগস্ট বিকেলে মানসিক প্রতিবন্ধী গোলাম রসুল অভিযুক্তদের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জেরে অভিযুক্তরা তার গতিরোধ করে জোরপূর্বক আটকে নিয়ে যায়। পরে একটি বৈদ্যুতিক খুঁটিতে তাকে দড়ি দিয়ে বেঁধে লাঠিসোটা দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়। মারধরের একপর্যায়ে অভিযুক্তরা দলবদ্ধ হয়ে গোলাম রসুলের ওপর এসিড স্প্রে করে, এতে তার দুই হাত পুড়ে মারাত্মকভাবে জখম হয়।
পরবর্তীতে তার ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদিকে বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় বাসিন্দারা।