ময়মনসিংহে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা

এফএনএস (রকিবুল হাসান চৌধুরী রুবেল, ময়মনসিংহ) :
| আপডেট: ১৩ আগস্ট, ২০২৬, ০৫:১৪ পিএম | প্রকাশ: ১৩ আগস্ট, ২০২৬, ০৫:১৪ পিএম
ময়মনসিংহে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা

ময়মনসিংহের মাসকান্দা এলাকায় আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে  বাড়ি নির্মাণের মালামাল সরবরাহের দন্দ্বের জেরে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ১২ টায় মাসকান্দা পাসপোর্ট অফিস সংলগ্ন এ ঘটনা ঘটে। নিহতের নাম রাব্বি আহমেদ রিয়াদ (২৫)। সে মাসকান্দা হাই স্কুল রোড দক্ষিনপাড়া এলাকার মোবারক হোসেন ভুট্টোর ছেলে।


পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাব্বী বৃহস্পতিবার বেলা ১২টার দিকে মাসকান্দা অঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে অবস্থান করেছিল। এ সময় কয়েকজন যুবক দেশীয় অস্ত্র সহ এসে হঠাৎ তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় রাব্বী দৌড়ে একটি দোকানের ভিতর আশ্রয় নিলে হামলাকারীরা দোকানের ভিতর প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


নিহত রাব্বীর চাচা হোসেন আলী বলেন, আমার ভাতিজা সকালে বাসা থেকে বের হয়ে পাসপোর্ট অফিসের সামনে দোকানে আসে। এ সময় একদল যুবক তার উপর প্রকাশ্যে কুপিয়ে রক্তাক্ত করেছে। এখানে শত শত মানুষ দাঁড়িয়ে দেখছে কেউ প্রতিবাদ করে নাই। এখন আবার কেউ কিছু ভয়ে বলতেছে না। আমরা এই হত্যাকান্ডের বিচার চাই।


এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শিবিরুল ইসলাম জানান, প্রাথমিক ভাবে জানতে পারি ওই এলাকার মিস্তি পাড়ায় একটি বাড়ি নির্মানের রড, সিমেন্ট,বালু ও অন্যান্য মালামাল সরবরাহ নিয়ে স্থানীয় ফজলু সাহেবের ছেলে খালেক ও সাব্বিরের সাথে দন্দ্ব ছিল রাব্বির। তারা দুই পক্ষই এই বাড়ি নির্মানে রড, সিমেন্ট,বালু ও অন্যান্য মালামাল সরবরাহ করতে চায়। এ নিয়ে তাদের মধ্যে সমঝোতাও হয় যে তারা দুপক্ষই মালামাল সরবরাহ করবে। কিন্তু এ বিষয়টি খালেক ও সাব্বির মেনে নিতে পারে নাই।  এই ক্ষোভ থেকেই খালেক ও সাব্বির ও তাদের লোকজনই এই হত্যা কান্ড ঘটায়। দ্রুতই অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে