হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৮৯০

নিজস্ব প্রতিবেদন | প্রকাশ: ১৩ আগস্ট, ২০২৬, ০৬:৪২ পিএম
হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৮৯০
ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৫ শিশু। এর মধ্যে ৭৪ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে মোট ৮৯০ শিশুর মৃত্যু হলো।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া পাঁচ শিশুর মধ্যে দুজন ঢাকা বিভাগে এবং চট্টগ্রাম, সিলেট ও রংপুর বিভাগে একজন করে রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে ১৩ আগস্ট পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৭৯১ শিশু। আর নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৯ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৯০।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৪ শিশুর হাম শনাক্ত হয়েছে। একই সময়ে ৯৫১ শিশুর মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। এই সময়ে ৮৯৫ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৮৬৩ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, ১৫ মার্চ থেকে ১৩ আগস্ট পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ লাখ ৪০ হাজার ৭৬ শিশু। এ সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৭ হাজার ৫৪৩ শিশুর। অর্থাৎ হাম ও হামের উপসর্গ মিলিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫৭ হাজার ৬১৯।

এই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ লাখ ২১ হাজার ৯০৮ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১ লাখ ১৭ হাজার ৬৯০ জন চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ও হাসপাতালে ভর্তি হওয়া শিশুর সংখ্যা এখনো উল্লেখযোগ্য। একই সঙ্গে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর ঘটনাও অব্যাহত রয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

আপনার জেলার সংবাদ পড়তে