ধনাগোদার বুকে ঐতিহ্যবাহী নৌকা বাইচ, দর্শনার্থীদের ঢল

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ১৫ আগস্ট, ২০২৬, ১১:০১ এএম
ধনাগোদার বুকে ঐতিহ্যবাহী নৌকা বাইচ, দর্শনার্থীদের ঢল

চাঁদপুরের মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার সংযোগস্থলে ধনাগোদা নদীতে দীর্ঘ ৭ বছর পর অনুষ্ঠিত হলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। শুক্রবার (১৪ আগস্ট ২০২৬) বিকেল সাড়ে ৪টায় আয়োজিত এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে নদীর দুই পাড়ে হাজার হাজার মানুষের ঢল নামে।

বৈঠার তালে তালে মাঝি-মাল্লাদের উপত্যকা কাঁপানো গান আর শেয়ানে শেয়ানে লড়াইয়ে মুখর হয়ে ওঠে পুরো নদীর তীর। তিল ধারণের ঠাঁই না পেয়ে নদীর ধারের দর্শক ছাড়াও আশপাশের ভবনের ছাদ এবং গাছের ডালে চড়ে প্রতিযোগিতা উপভোগ করেন শিশু থেকে শুরু করে বৃদ্ধ বয়সী নারী-পুরুষরা।

‘নদী বাঁচলে পরিবেশ বাঁচবে’-এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই প্রতিযোগিতায় মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার মোট ৯টি নৌকা দল অংশ নেয়। এর মধ্যে দুর্দান্ত প্রতিদ্বন্দ্বিতা শেষে ৬টি দল ফাইনাল রাউন্ডে উত্তীর্ণ হয়। ফাইনাল রাউন্ডে শ্রেষ্ঠত্ব অর্জন করে মতলব দক্ষিণ উপজেলার জিলানী প্রধানের ‘বাংলাদেশ লাল সবুজ দল’ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করে ছিডু প্রধানের দল এবং তৃতীয় স্থান অর্জন করে কামাল সওদাগরের দল। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করা হয়। চ্যাম্পিয়ন দলকে একটি ফ্রিজ, দ্বিতীয় স্থান অর্জনকারী দলকে ৩২ ইঞ্চি রঙিন টিভি এবং তৃতীয় স্থান অর্জনকারী দলকে ২৪ ইঞ্চি রঙিন টিভি প্রদান করা হয়।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ডা. সরকার মাহবুব আহমেদ শামীমের প্রধান অতিথি ও কেন্দ্রীয় যুবদলের সহ-ক্রীড়া সম্পাদক মেজবাহ উদ্দিন মেজু'র উদ্বোধনী উপস্থিতিতে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়।আকর্ষণীয় এই নৌকা বাইচ প্রতিযোগিতার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূরে আলম মিয়াজী।

এ সময় বক্তারা বলেন, যুবসমাজকে মাদক, কিশোর গ্যাং ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলা এবং এ ধরনের গ্রামীণ ঐতিহ্যবাহী আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি নদীর নাব্যতা ফেরাতে এবং পরিবেশ রক্ষায় নদী সংরক্ষণে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইদ্রিস সরকার মুন্না ও ছাত্রদল নেতা রাজা ফয়সালসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, সামাজিক-রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক উৎসাহী দর্শনার্থী উপস্থিত ছিলেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে