লক্ষ্ণীপুরে মেঘনার স্রোতে অটোচালক নিখোঁজ, মেলেনি সন্ধান

এফএনএস (নিজস্ব প্রতিবেদক) : | প্রকাশ: ১৫ আগস্ট, ২০২৬, ০২:১২ পিএম
লক্ষ্ণীপুরে মেঘনার স্রোতে অটোচালক নিখোঁজ, মেলেনি সন্ধান

লক্ষ্ণীপুরে মেঘনা নদীতে প্রবল স্রোতের কবলে পড়ে মোহাম্মদ মিলন (৪০) নামে এক অটোচালক নিখোঁজ হয়েছেন। শনিবার সকাল পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়েও নিখোঁজ অটোচালক মোহাম্মদ মিলনের সন্ধান পাওয়া যায়নি জানিয়েছেন লক্ষ্ণীপুর সদর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রঞ্জিত কুমার সাহা। তিনি জানান, এর আগে শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে সদর উপজেলার মেঘনা নদীর কাটাখালী এলাকায় এ ঘটনা ঘটে। তিনি আরও জানান,খবর পেয়ে ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালিয়েছে। তবে এখনো নিখোঁজ ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ মিলন সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি পেশায় অটোচালক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে বন্ধুদের সঙ্গে মেঘনা নদীর একটি চরে ঘুরতে যান মিলন। সেখানে ফুটবল খেলার সময় বলটি নদীতে পড়ে যায়। পরে তিনি আরও তিন বন্ধুর সঙ্গে বল উদ্ধারের জন্য নদীতে নামেন। এ সময় প্রবল স্রোতের ধাক্কায় তিনি পানিতে তলিয়ে যান। বন্ধুরা দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে না পেরে ফায়ার সার্ভিসে খবর দেন।  খবর পেয়ে লক্ষ্ণীপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় দুই ঘণ্টা অভিযান চালিয়েও আজ শনিবার  সকাল ৮ টা পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত থাকলেও নিখোঁজ মিলনের কোনো সন্ধান পাওয়া যায়নি বলে জানা গেছে। লক্ষ্ণীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, বিষয়টি নৌ-পুলিশকে জানানো হয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালাচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে