মসলার উৎপাদন বাড়ানো ও আমদানিনির্ভরতা কমাতে কৃষকদের আধুনিক প্রযুক্তিতে মসলা চাষে উৎসাহিত করতে রাজশাহীর মোহনপুরে মাঠ দিবস ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়নের চান্দোপাড়া মাঠে কৃষি বিভাগের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম খান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতার, উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, দেশে মসলার চাহিদার একটি বড় অংশ এখনো আমদানির মাধ্যমে পূরণ করতে হয়। ফলে স্থানীয় পর্যায়ে মসলা উৎপাদন বাড়াতে উন্নত জাতের ব্যবহার, আধুনিক চাষপ্রযুক্তি প্রয়োগ এবং কৃষকদের প্রয়োজনীয় কারিগরি সহায়তা নিশ্চিত করা জরুরি।
তারা বলেন, কৃষকদের মসলা চাষে আগ্রহী করে তুলতে মাঠপর্যায়ে নিয়মিত পরামর্শ ও আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন। এতে উৎপাদন বাড়ার পাশাপাশি কৃষকদের আয়ও বৃদ্ধি পাবে এবং মসলা আমদানির ওপর দেশের নির্ভরতা কমবে। পরে অতিথিরা প্রদর্শনী প্লট পরিদর্শন করেন। এ সময় তারা কৃষকদের সঙ্গে মসলা চাষের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন এবং উন্নত জাতের মসলা চাষ ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেন।অনুষ্ঠানে স্থানীয় কৃষক, কৃষি বিভাগের কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।