রাজশাহীর বাগমারায় নিষিদ্ধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৫৫টি জাল জব্দ করে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। জব্দ করা জালগুলোর আনুমানিক মূল্য প্রায় ২ লাখ টাকা।
শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ১:৩০ টা পর্যন্ত উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার ফকিরনী নদী (রানী নদী) ও বারনই নদীর সংযোগস্থল এবং বাগমারা থানার পূর্ব পাশে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন বাগমারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান। এ সময় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল দিয়ে মাছ ও জলজ প্রাণী ধ্বংসের অভিযোগে ৫৫টি জাল জব্দ করা হয়। পরে জব্দ করা জালগুলো ধ্বংস করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আখতারুজ্জামান এবং বাগমারা থানার এসআই (নিঃ) মো. রুবেল।
সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান বলেন, ‘চায়না দুয়ারী জাল ব্যবহারের কারণে শুধু মাছ নয়, বিভিন্ন প্রজাতির পোনা ও জলজ প্রাণীও নির্বিচারে ধরা পড়ে। এতে মৎস্যসম্পদ ও জলজ জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। নিষিদ্ধ এ ধরনের জালের ব্যবহার বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।’
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আখতারুজ্জামান বলেন, ‘চায়না দুয়ারী জাল মৎস্যসম্পদের জন্য অত্যন্ত ক্ষতিকর। এ জালে ছোট-বড় সব ধরনের মাছ, পোনা ও অন্যান্য জলজ প্রাণী আটকা পড়ে। মৎস্যসম্পদ রক্ষায় নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে সবাইকে সচেতন হতে হবে এবং এ ধরনের জাল ব্যবহার থেকে বিরত থাকতে হবে।’
তিনি আরও বলেন, মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী নিষিদ্ধ জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
স্থানীয় নদী ও জলাশয়ে মৎস্যসম্পদ এবং জলজ জীববৈচিত্র্য রক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছেন সচেতন মহল।